পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভার ৮ নং ওয়ার্ড কানুয়ার সাথে গৌরীপুর ইউনিয়নের ১ নং শ্রীপুর গ্রামের সংযোগ সড়কটি দীর্ঘদিন ধরে বিচ্ছিন্ন হয়ে আছে। এতে দুই এলাকার মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, ভান্ডারিয়া পৌরসভার ৮ নং ওয়ার্ড কানুয়া গ্রামের কাজীবাড়ী মসজিদ হইতে গৌরীপুর ইউনিয়নের ১ নং শ্রীপুর গ্রামের অংশের সড়ক ভেঙে জনসাধারণের চলাচল বিচ্ছিন্ন হয়ে গেছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ভাঙন আরও বেড়েছে। আনুমানিক ২ কিলোমিটার সড়কের কোথাও কোথাও ধসে যাওয়ায় যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। পায়ে হেঁটেও চলাচল করা কষ্টকর হয়ে পড়েছে।
এই সড়ক দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষকসহ শত শত মানুষ যাতায়াত করেন। সড়ক বিচ্ছিন্ন হওয়ায় শিক্ষার্থীরা স্কুলে যেতে পারছে না, কৃষকরা তাদের উৎপাদিত ফসল বাজারে নিতে পারছেন না। অসুস্থ রোগীদের হাসপাতালে নিতেও পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। জরুরি সেবা ফায়ার সার্ভিসের গাড়িও ঢুকতে পারছে না।
এলাকাবাসীর অভিযোগ, বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েও সড়কটি মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
এলাকাবাসী দ্রুত সংযোগ সড়কটি মেরামত করে যাতায়াত স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।
অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন