
বরিশালের কাজিরহাটে দিন দিন বেড়েই চলেছে ফেক ফেসবুক আইডি ও পেজের দৌরাত্ম্য। এসব ভুয়া আইডি ও পেজ ব্যবহার করে ব্যক্তি আক্রমণ, মানহানি ও অপপ্রচারের অভিযোগ উঠেছে। এতে স্থানীয় সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিরা হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ‘কাজিরহাট’ নাম ব্যবহার করে একের পর এক নতুন ফেসবুক আইডি ও পেজ খোলা হচ্ছে। এসব অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ব্যক্তি সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য, বানোয়াট সংবাদ ও আপত্তিকর মন্তব্য প্রচার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ, ফেক আইডি ও পেজের মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করে তাদের সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের অপপ্রচারের কারণে তারা সামাজিকভাবে বিব্রত হওয়ার পাশাপাশি পরিবার—পরিজন নিয়েও উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় ভুগছেন।
স্থানীয়দের অভিযোগ, এসব ভুয়া আইডি ও পেজ পরিচালনাকারীদের পরিচয় শনাক্ত করে আইনের আওতায় আনার ক্ষেত্রে এখনো কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয়। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও ব্যক্তিগত আক্রমণের প্রবণতা আরও বাড়ছে।
সচেতন মহল বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয়ে অপপ্রচার ও মানহানিকর তথ্য ছড়ানো বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে এসব ফেক আইডি ও পেজের পেছনে কারা রয়েছে, তা শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযোজন করা হবে।