, , ,
শিরোনাম
চাকরির প্রলোভনে যৌনপল্লীতে বিক্রি, নারীসহ দুজনের যাবজ্জীবন

চাকরির প্রলোভনে যৌনপল্লীতে বিক্রি, নারীসহ দুজনের যাবজ্জীবন

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লীতে আটকে রেখে এক নারীকে জোরপূর্বক দেহব্যবসায় বাধ্য করা ও নির্যাতনের মামলায় নারীসহ দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে রাজবাড়ী মানব পাচার ও অভিবাসী চোরাচালান অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌহিদুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লীর এলেম খার স্ত্রী রোজী সরদারনি ও মজিদ ফকির। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন না।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৫ অক্টোবর গাজীপুরের জয়দেবপুর থেকে ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে এক যুবতীকে রাজবাড়ীর দৌলতদিয়ায় নিয়ে আসা হয়। রাতে তাকে দৌলতদিয়া যৌনপল্লীর মজিদ ফকিরের বাড়িতে আটকে রাখে প্রতারক চক্র। পরে ভয়ভীতি দেখিয়ে তাকে দেহব্যবসায় বাধ্য করা হয়।

অভিযোগে আরও বলা হয়, দেহব্যবসায় রাজি না হওয়ায় ২০১৫ সালের ১৭ ও ১৮ নভেম্বর বাঁশের লাঠি ও কাঠের চেলা দিয়ে ওই যুবতীকে মারধর করা হয়। তার চিৎকার শুনে আশপাশের লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশের সহায়তায় মজিদ ফকিরের বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। এরপর তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

দৌলতদিয়া যৌনপল্লীতে কর্মরত এনজিও কর্মকর্তা ও সাংবাদিক শেখ রাজীবের সহায়তায় সুস্থ হওয়ার পর ওই নারী গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেন।

রাজবাড়ী মানব পাচার প্রতিরোধ ও দমন আদালতের পাবলিক প্রসিকিউটর জাহিদ উদ্দিন মোল্লা বলেন, সাক্ষীদের সাক্ষ্য ও তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে আদালত দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন। এতে বাদী ন্যায়বিচার পেয়েছেন। রায়ে তারা সন্তুষ্ট।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost