
বরিশাল আদালতের সহকারী জেলা জজ শেখ ফারহান নাদিম নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার রাত থেকে তাকে উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছে আদালতের কর্মকর্তা-কর্মচারী ও বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানা পুলিশ। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
আদালতের একাধিক সূত্র জানায়, মঙ্গলবার নিয়মিত বিচারিক কার্যক্রমে অংশ নেন সহকারী জেলা জজ শেখ ফারহান নাদিম। পরে বিকেলে তিনি রিকশাযোগে আদালত এলাকা থেকে কোথাও চলে যান। এরপর থেকে তার ব্যবহৃত মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে। বিষয়টি জানাজানি হলে স্বজন ও আদালতের কর্মকর্তা-কর্মচারীরা তার সন্ধানে তৎপর হন।
পরে তার নিখোঁজের ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিচারক শেখ ফারহান নাদিমকে উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে। তবে তার ব্যবহৃত মুঠোফোন বন্ধ থাকায় উদ্ধারে কিছুটা সময় লাগছে।
পুলিশ জানিয়েছে, বিচারকের অবস্থান শনাক্ত ও তাকে উদ্ধারে বিভিন্নভাবে অনুসন্ধান চালানো হচ্ছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তার অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।