শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
বরিশাল নগরীর পলাশপুর এলাকায় বাসা থেকে ডেকে নিয়ে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা।
শুক্রবার (১৫ মে) ভোরে নগরীর ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। নিহত বাবু শিকদার (৩০) পলাশপুর এলাকার কালাম শিকদারের ছেলে।
পরিবারের অভিযোগ, ফজরের নামাজের আগে বাবুকে বাসা থেকে ডেকে নিয়ে যায় কয়েকজন যুবক। পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। স্থানীয়রা উদ্ধার করে তাকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই নাঈম হোসেন অভিযোগ করে বলেন, স্থানীয় কিশোর গ্যাং নিয়ন্ত্রক মধু ওরফে টোকাই মধু দীর্ঘদিন ধরে বাবুর কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় মধুর নেতৃত্বে রুবেল, রাজু, সাজ্জাদ ও সৈকতসহ কয়েকজন মিলে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত চন্দ্র নাথ জানান, কিশোর গ্যাংয়ের হামলায় এ ঘটনা ঘটেছে। তবে এর নেপথ্যে মাদক সংশ্লিষ্ট বিষয় রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে শহীদ ও সিয়াম নামে দুইজনকে আটক করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। লাশ ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।