সোমবার, ১৮ মে ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
পটুয়াখালীর বাউফলে হানি ট্র্যাপ, চাঁদাবাজি, মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেফতার হওয়া আজাহার খানের ২৪ ঘণ্টার মধ্যেই জামিনে মুক্তির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী ও এলাকাবাসী।
রোববার (১৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের সচেতন নাগরিকদের ব্যানারে এ মানববন্ধন হয়।
এসময় অংশগ্রহণকারীরা কাফনের কাপড় পরে প্রতিবাদ জানান।ভুক্তভোগী ও স্থানীয়দের অভিযোগ, পুলিশের হাতে গ্রেফতার হওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই জামিনে বের হয়ে আজাহার খান প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে মামলার বাদী ও সাক্ষীদের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন।মানববন্ধনে বক্তারা বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করছি।
মামলা করার পরও প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে। আমরা সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে বাঁচতে চাই। তাই দ্রুত আজাহার খানকে পুনরায় গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। অন্যথায় আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।’
এর আগে হানি ট্র্যাপের মাধ্যমে আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির অভিযোগে আজাহার খান, কবির হোসেন ও রাসেল তালুকদারকে আটক করে পটুয়াখালী সদর থানা পুলিশ।
পরে জিজ্ঞাসাবাদ ও বিভিন্ন তথ্য—প্রমাণের ভিত্তিতে তাদের গ্রেফতার দেখানো হয়।পুলিশ সূত্র জানায়, অভিযুক্তরা পরিকল্পিতভাবে হানি ট্র্যাপের ফাঁদে ফেলে এক ঔষধ ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকা হাতিয়ে নেয়। এছাড়াও এক চাকরিজীবীর কাছ থেকেও বিপুল পরিমাণ অর্থ আদায়ের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।