
পটুয়াখালীতে এক রাতেই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সাত নেতার বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। কয়েকটি বাড়িতে আগুনে পুড়েছে আসবাবপত্র ও ঘরের মালামাল। কোথাও পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। আবার হামলার মুখে পরিবারের সদস্যদের বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হয়েছে।
ঘটনার শুরু হয় বুধবার রাত ১০টার দিকে। শহরের দক্ষিণ সবুজবাগ এতিমখানা রোড এলাকায় জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরের বাসভবনে আগুন দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর বাড়িটিতে ভাঙচুরের ঘটনা ঘটেছিল। এরপর থেকে বাসাটি তালাবদ্ধ ছিল এবং সেখানে পরিবারের কেউ বসবাস করতেন না।
একই রাতে জেলা শ্রমিক লীগের সিনিয়র সহসভাপতি খলিলুর রহমানের বাসভবনেও হামলা ও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। এ সময় বাড়ির বিভিন্ন মালামাল ও জানালার অংশ ভাঙচুরের পাশাপাশি বিদ্যুৎ সংযোগের মিটারও ভেঙে ফেলা হয়।
বৃহস্পতিবার ভোররাতে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন মিয়ার সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের গ্রামের বাড়িতে আগুন দেওয়া হয়। এতে বাড়ির কাঠের মালামাল ও আসবাবপত্রসহ বিভিন্ন জিনিসপত্র পুড়ে যায়।
অন্যদিকে, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেনের পটুয়াখালী শহরের পিডিএস মাঠসংলগ্ন চারতলা ভবনের সামনে কয়েক দফায় আগুন ও পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। তবে ভবনের স্থানীয় ভাড়াটিয়াদের সহযোগিতায় আগুন ছড়িয়ে পড়তে পারেনি।
জেলা আওয়ামী লীগের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ারের পুরান বাজারের বাসায়ও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয়দের সহযোগিতায় আগুন বেশি ছড়াতে পারেনি। এ সময় আতঙ্কিত হয়ে পরিবারের সদস্য ও স্বজনরা বাসার পেছনের দরজা দিয়ে বের হয়ে প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেন।
এ ছাড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সোহেলের টাউন জৈনকাঠি এলাকার নিজ বাড়িতেও হামলার ঘটনা ঘটে। এ সময় পরিবারের সদস্যরা আতঙ্কে বাড়ি ছেড়ে অন্য বাসায় গিয়ে আশ্রয় নেন।
এদিকে, নিষিদ্ধ আওয়ামী লীগের পটুয়াখালী—১ আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান মিয়ার বাসভবনেও আগুন দেওয়ার চেষ্টা করা হয়। দুর্বৃত্তরা দূর থেকে আগুন নিক্ষেপ করে বলে জানা গেছে। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এনেছেন।