
বরিশালের মুলাদীতে ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এ ছাড়া অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকা আরেকটি ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কাজিরচর ইউনিয়নের চরকমিশনার গ্রামের বাদামতলা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, কয়েক মাস আগে কাজিরচর ইউনিয়ন বিএনপির নেতা ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. কামাল সরদার বাদামতলা এলাকায় ওয়ার্ড বিএনপি কার্যালয় উদ্বোধন করেন। শনিবার রাতে দুর্বৃত্তরা ওই কার্যালয়ের সামনে দুই থেকে তিনটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়। অন্য একটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে।
কামাল সরদার বলেন, আতঙ্ক সৃষ্টি করতে রাতের আঁধারে দুর্বৃত্তরা বিএনপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ করেছে। ঘটনাটি তদন্ত করে দ্রুত জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
স্থানীয় বাসিন্দা আনিচুর রহমান ঘরামী জানান, রাত দেড়টার দিকে ওই এলাকায় একটি মোটরসাইকেল যেতে দেখেছেন তিনি। এর কিছুক্ষণ পরই বিস্ফোরণের শব্দ শোনেন।
রোববার সকাল ১০টার দিকে মুলাদী থানার উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান ও ফরিদ উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করেন।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার সোহেল রানা বলেন, বাদামতলা এলাকায় ককটেল বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে থানায় নিষ্ক্রিয় করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।