বুধবার, ২৭ মে ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

কাউখালীতে ঈদুল আযহা উপলক্ষে সাড়ে পাঁচ হাজার শাড়ি—লুঙ্গি বিতরণ করেন শিল্পপতি হাজী ওসমান গনি

কাউখালীতে ঈদুল আযহা উপলক্ষে সাড়ে পাঁচ হাজার শাড়ি—লুঙ্গি বিতরণ করেন শিল্পপতি হাজী ওসমান গনি

পবিত্র ঈদুল আযহা (কোরবানি) উপলক্ষে পিরোজপুরের কাউখালীতে উপজেলার অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের বাসিন্দা বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক হাজী ওসমান গনির ব্যক্তিগত তহবিল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় সাড়ে পাঁচ হাজার শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।

মঙ্গলবার (২৬ মে) সকাল সাড়ে দশটায় কাউখালী সদর ইউনিয়ন পরিষদ চত্বরে সদর ইউনিয়নের প্রায় এক হাজার মানুষের হাতে এসব কাপড় তুলে দেওয়া হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল শাড়ি ও লুঙ্গি। উপজেলার ৪৫টি ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি—পেশার মানুষের মাঝে পর্যায়ক্রমে এসব বস্ত্র বিতরণ করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা বিএনপির সিনিয়র সহ—সভাপতি মনিরুজ্জামান মিঞা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাফিউল আজম দুলাল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিয়াকত তালুকদার, উপজেলা যুবদলের সাবেক সভাপতি কামরুজ্জামান তালুকদার, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সিরাজুল ইসলাম উজ্জ্বল, সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজম আলী খান,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শোয়েব সিদ্দিকীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শিল্পপতি ও সমাজসেবক হাজী ওসমান গনি বলেন, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার উদ্দেশ্য থেকেই আমার এই ক্ষুদ্র উদ্যোগ। সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষ যেন ঈদে নতুন কাপড় পরতে পারে, সেটাই আমার চাওয়া। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

কাপড় নিতে আসা সদর ইউনিয়নের বাসিন্দা হাওয়া বেগম বলেন,বর্তমান সময়ে নতুন কাপড় কেনা অনেক কষ্টের। ঈদের আগে এমন উপহার পেয়ে আমরা খুব খুশি। আল্লাহ যেন ওসমান গনিকে ভালো রাখেন।

আরেক সুবিধাভোগী প্রতিবন্ধী রিকশা চালক লিটন হোসেন বলেন,আমাদের মতো গরিব মানুষের কথা চিন্তা করে তিনি যেভাবে সাহায্য করছেন, এটা সত্যিই প্রশংসনীয়। ঈদের আগে লুঙ্গি পেয়ে খুব উপকার হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের বিত্তবান ব্যক্তিরা এগিয়ে এলে অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে। হাজী ওসমান গনির এ উদ্যোগ মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost