বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ—দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট অপারেটিভ রুমে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রাথমিকভাবে এসি বন্ধ থাকাকে কারণ হিসেবে ধারণা করছে পুলিশ।বুধবার (২৮ মে) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
অপরদিকে ৬ শিশুর মৃত্যুর ঘটনায় ৩ সদস্যদের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে স্বাস্থ্য বিভাগ ও সিআইডির কর্মকর্তারা রয়েছেন।বুধবার (২৮ মে) আদ-দ্বীন হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস এ তথ্য জানান।
তদন্ত কমিটিকে ৭২ ঘন্টার মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ড ও এনআইসিইউ’র কার্যক্রম সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।
ডিএমপি কমিশনার বলেন, ওই পোস্ট অপারেটিভ রুমে ছয় নবজাতক ও ১১ জন মা অবস্থান করছিলেন। ঠান্ডা অনুভূত হওয়ায় এক মা এসি বন্ধ রাখার অনুরোধ করলে নার্স প্রায় এক ঘণ্টা এসি বন্ধ রাখেন।
তিনি জানান, পরে গরম অনুভূত হলে এসি চালু করতে বলা হয়। এর পরপরই দুই নবজাতক অসুস্থ হয়ে পড়ে। কিছু সময়ের মধ্যে আরও চার শিশুর শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় ছয় নবজাতকের মৃত্যু হয়।
মোসলেহ উদ্দিন আহমদ আরও বলেন, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন টিম কাজ করছে এবং বিভিন্ন আলামত সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।