, , ,
শিরোনাম
ধর্ষণ মামলায় আপস করায় বাদীর ২ দিনের কারাদণ্ড, আসামি কারাগারে কাঠালিয়ায় যুবদল নেতাকে কুপিয়ে জখম, দুইজনের বিরুদ্ধে মামলা ভোলায় পৌরসভা কার্যালয়ের সামনে মধ্যরাতে বিস্ফোরণ বরিশাল নগরীতে অবৈধ ড্রেজার পাইপলাইনের দাপট, প্রশাসনের অভিযানেও বন্ধ হচ্ছে না ‘প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে, লাল গালিচায় নয়’ পিরোজপুরে টিআরসি পদে নিয়োগের তৃতীয় দিন সম্পন্ন শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হবে না বোনের মৃত্যুর তিন বছর পর সড়কে প্রাণ হারালেন আশরাফুল হিজলায় গোসলে নেমে পানিতে ডুবে অটোচালকের মৃত্যু কাউখালীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা
বরিশাল নগরীতে অবৈধ ড্রেজার পাইপলাইনের দাপট, প্রশাসনের অভিযানেও বন্ধ হচ্ছে না
সড়ক ক্ষতিগ্রস্ত, বাড়ছে দুর্ঘটনা ও জনভোগান্তি

বরিশাল নগরীতে অবৈধ ড্রেজার পাইপলাইনের দাপট, প্রশাসনের অভিযানেও বন্ধ হচ্ছে না

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

বরিশাল নগরীতে অবৈধ ড্রেজার ও বালু সরবরাহের পাইপলাইনের বিরুদ্ধে প্রশাসনের তৎপরতা বাড়লেও বন্ধ হচ্ছে না এসব কর্মকাণ্ড। নগরীর বিভিন্ন সড়কের ওপর দিয়ে ঝুঁকিপূর্ণভাবে ড্রেজারের পাইপলাইন স্থাপন করায় একদিকে সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। কোথাও কোথাও পাইপের লিকেজ থেকে পানি বের হয়ে সড়কে জমে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা ও জনদুর্ভোগ।

সরেজমিনে দেখা গেছে, নগরীর বিভিন্ন এলাকায় প্রধান সড়কের ওপর দিয়ে ড্রেজারের পাইপলাইন নেওয়া হয়েছে। বিশেষ করে ভাটিখানা জোড়মসজিদ এলাকায় প্রধান সড়কের ওপর দিয়ে পাইপ নেওয়ায় যানবাহন ও পথচারীদের চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, পাইপলাইনের কারণে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। পাশাপাশি পাইপের বিভিন্ন স্থানে লিকেজ হয়ে পানি সড়কে জমে থাকায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এবং সড়কও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

শুধু ভাটিখানা জোড়মসজিদ নয়, নগরীর আরও কয়েকটি এলাকায় একই ধরনের চিত্র দেখা গেছে। সড়কের ওপর দিয়ে এভাবে পাইপলাইন স্থাপন করায় স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে মোটরসাইকেল, রিকশা ও ছোট যানবাহনের চালকদের দুর্ঘটনার ঝুঁকি বেশি থাকছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

নগরবাসীর অভিযোগ, অনুমোদন ছাড়া সড়ক, ফুটপাত ও ড্রেনের ওপর দিয়ে পাইপলাইন স্থাপন করে বালু সরবরাহের কার্যক্রম চালানো হলেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাদের দাবি, শুধু পাইপ অপসারণ নয়, এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চিহ্নিত করে জবাবদিহির আওতায় আনতে হবে।

তবে সম্প্রতি বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) উচ্ছেদ শাখা নগরীর বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার পাইপলাইনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। নগরীর ২২ নম্বর ওয়ার্ডের জিয়া সড়ক, তালুকদার বাড়ির মোড় এবং ২৯ নম্বর ওয়ার্ডের নবনির্মিত আবেদ আলী শাহ সড়কসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অনুমোদনহীন ড্রেজার পাইপ জব্দ ও অপসারণ করা হয়েছে।

বিসিসি সূত্রে জানা গেছে, দরপত্র বাতিলের পরও পাইপ ফেলে রাখা এবং বালু উত্তোলনসহ সড়কের স্থায়িত্ব ও জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখতে এসব বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে সিটি করপোরেশন।

গত ২৭ সেপ্টেম্বর নগরীর পরিবেশ ও অবকাঠামো রক্ষায় বিসিসি নগরীর ১৮টি বালু অবতরণ কেন্দ্রের ইজারা ও কার্যাদেশ বাতিল করে। একই সঙ্গে বালু সরবরাহে ব্যবহৃত পাইপলাইন অপসারণের নির্দেশ দেওয়া হয়।

বিসিসির উচ্ছেদ শাখার প্রধান মো. লকিতুল্লাহ সিকদার বলেন, পরিবেশ রক্ষায় দরপত্র বাতিলের আদেশ অমান্য করে ড্রেজারের পাইপ ফেলে রাখা কিংবা বালু উত্তোলনের কোনো সুযোগ নেই। সরকারি নির্দেশনা অমান্য করে যারা পরিবেশ ধ্বংস করবে, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, নগরীকে পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও বাসযোগ্য রাখতে প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের নির্দেশে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ক্ষেত্রে কোনো প্রভাবশালী মহলকে ছাড় দেওয়া হবে না।

নগরীতে যত্রতত্র ড্রেজার পাইপলাইন স্থাপনের ফলে শুধু সড়কের ক্ষতিই নয়, ড্রেনের স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। বিশেষ করে নবনির্মিত সড়ক কেটে কিংবা ড্রেনের ভেতর দিয়ে পাইপ স্থাপন করা হলে নগরীর অবকাঠামো রক্ষণাবেক্ষণে অতিরিক্ত ব্যয় এবং জনদুর্ভোগ সৃষ্টি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নগরবাসীর দাবি, অবৈধ পাইপলাইন জব্দ ও অপসারণের পাশাপাশি এসব কর্মকাণ্ডের পেছনে জড়িত ব্যক্তি ও প্রভাবশালী মহলকে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে নগরীর সড়ক, ফুটপাত ও ড্রেন রক্ষায় অনুমোদনহীন পাইপলাইন স্থাপনের বিরুদ্ধে স্থায়ী ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost