বুধবার, ০৩ Jun ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কেওতা বাজারে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে অনিক সিকদার (৩০) নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।
মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কেওতা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়ী আবুল হোসেন তালুকদারের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে স্থানীয় লোকজন অভিযুক্ত অনিক সিকদারকে আটক করে রাজাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
আটক অনিক সিকদার উপজেলার বাঘড়ি এলাকার শাহজাহান সিকদারের ছেলে।
এ ঘটনায় মঙ্গলবার বিকেলে ভুক্তভোগী ব্যবসায়ী আবুল হোসেন তালুকদার বাদী হয়ে রাজাপুর থানায় চাঁদাবাজির অভিযোগে একটি মামলা দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস জানান, স্থানীয় জনতার মাধ্যমে আটক এক যুবককে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে একটি মামলা গ্রহণ করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়দের দাবি, বাজার এলাকায় চাঁদাবাজির মতো ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তারা দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।