
ঝালকাঠির নলছিটিতে আগুনে মালামালসহ পুড়ে গেছে ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।
বৃহস্পতিবার রাতে উপজেলার রানাপাশা ইউনিয়নের জহিরুল মার্কেটে এ ঘটনা ঘটে।
ঘটনার খবর পেয়ে ঝালকাঠি—২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার আশ্বাস দেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, গভীর রাতে বিদ্যুতের শর্ট সার্কিটে স্থানীয় বাপ্পি সরদারের পেট্রল ও ডিজেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলোতে। এতে বাপ্পি সরদারের দুইটি, সবুজ মোল্লা, সুচন্দ্র সিকদার, সুমন সরদার ও ফারুক হাওলাদারের একটি করে দোকান মালামালসহ পুড়ে যায়। আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয় বাসিন্দারা। পরে নলছিটি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
নলছিটি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, একটি পেট্রল ও ডিজেল বিক্রির দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কারণে পাশের মার্কেটের অনেক ব্যবসাপ্রতিষ্ঠান রক্ষা পায়। আগুনে ছয়টি দোকান পুড়ে গেছে বলেও জানান তিনি