বৃহস্পতিবার, ০৪ Jun ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম
বরিশালে প্রত্যাশার খাল এখন কৃষকদের গলার কাঁটা, কোটি টাকা গচ্ছা ভান্ডারিয়ায় বিডি ক্লিন এর দশম প্রতিষ্ঠা বার্ষিকী পালন মঠবাড়িয়ায় অবৈধ চাক ও চায়না দুয়ারী জাল বিক্রির দায়ে ৩ জনের জরিমানা, প্রায় দুই লাখ টাকার জাল পুড়িয়ে ধ্বংস ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় বাধা, অতি উৎসাহী নেতাদের চিহ্নিত করার নির্দেশ বিএনপির আমতলীতে নির্মাণাধীন সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু বরগুনায় ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার নলছিটিতে মাদকবিরোধী সোসাইটির সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জনবল সংকটে কাউখালী মহিলা বিষয়ক অধিদপ্তর সেবা থেকে বঞ্চিত উপকারভোগীরা শেবাচিম হাসপাতালের স্টোররুমে অগ্নিকাণ্ড বিএনপি নেতাকে মারধর করে আ.লীগ কর্মীদের ভূরিভোজ
আমতলীতে নির্মাণাধীন সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

আমতলীতে নির্মাণাধীন সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

বরগুনার আমতলীতে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকের সেন্টারিং খুলতে গিয়ে বিষাক্ত গ্যাসে শ্বাসরোধ হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) সকালে আমতলী একে স্কুল এলাকার একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন আমতলী উপজেলার হলদিয়া গ্রামের আজিজ হাওলাদারের ছেলে জাহিদুল হাওলাদার (৩৫) এবং বেতমোর গ্রামের ইউনুস মিয়ার ছেলে জাফর হাওলাদার (৫০)।

স্থানীয় সূত্রে জানা যায়, আমতলী বন্দর হোসাইনিয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মো. ইউসুফ আলীর মালিকানাধীন ওই নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের সেন্টারিং খুলতে সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিক জাহিদুল হাওলাদার ট্যাংকের ভেতরে নামেন। এ সময় তিনি সাহায্যের জন্য চিৎকার করলে তাঁকে উদ্ধারে অপর শ্রমিক জাফর হাওলাদার ট্যাংকের ভেতরে নামেন। কিন্তু তিনিও সেখানে অচেতন হয়ে পড়েন।

খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে তাঁদের উদ্ধার করেন। পরে তাঁদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর আবু হানিফ বলেন, ‘সেপটিক ট্যাংকের ভেতরে বিষাক্ত কার্বন মনোক্সাইডসহ বিভিন্ন গ্যাস জমে থাকতে পারে। অসাবধানতাবশত ভেতরে প্রবেশ করায় এ দুর্ঘটনা ঘটে। গ্যাস নিষ্ক্রিয় করে মরদেহ উদ্ধার করা হয়েছে।’

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. লুনা বিনতে হক বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

আমতলী থানার ওসি আবু সাহাদাত মো. হাচনাইন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost