শুক্রবার, ০৫ Jun ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
বরিশালের হিজলা উপজেলার হিজলা গৌরবদী ইউনিয়ন রক্ষায় দুই দিনের ব্যবধানে একই দাবিতে পৃথক মানববন্ধন কর্মসূচি পালিত হওয়ায় স্থানীয় জনমনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
গত ২ জুন হিজলা গৌরবদী ইউনিয়ন রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন ইউনিয়নের সর্বস্তরের জনগণ। হিজলা-গৌরবদী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সুলাইমান জমাদ্দারের নেতৃত্বে আয়োজিত ঐ কর্মসূচিতে রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, কৃষক, জেলে ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা ইউনিয়নকে নদীভাঙনের হাত থেকে রক্ষায় দ্রুত একটি স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণের দাবি জানান।
এর দুই দিন পর, বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) একই দাবিতে পুনরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ কর্মসূচির নেতৃত্ব দেন হিজলা গৌরবদী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফরিদ উদ্দিন বেপারী।
একই দাবিতে অল্প সময়ের ব্যবধানে পৃথক দুটি কর্মসূচি অনুষ্ঠিত হওয়ায় স্থানীয়দের মধ্যে নানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, স্থানীয় নেতাদের মধ্যে মতপার্থক্য ও বিভক্তি ইউনিয়নবাসীর দীর্ঘদিনের দাবি আদায়ের আন্দোলনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
একাধিক স্থানীয় বাসিন্দা জানান, হিজলা গৌরবদী ইউনিয়ন রক্ষার মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে দল-মত ও রাজনৈতিক গ্রুপিংয়ের ঊর্ধ্বে উঠে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা বলেন, ব্যক্তিগত বা রাজনৈতিক বিভেদ নয়, বরং এলাকার অস্তিত্ব রক্ষাই এখন সবচেয়ে বড় বিষয়।
স্থানীয়দের দাবি, হিজলা গৌরবদী ইউনিয়নকে নদীভাঙনের কবল থেকে রক্ষায় দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করে একটি স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণ করা হোক। একই সঙ্গে আন্দোলন-সংগ্রামে সকল পক্ষের মধ্যে সমন্বয় ও ঐক্য বজায় রাখারও আহ্বান জানান তারা।