বুধবার, ১৭ Jun ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় বেড়িবাঁধ কাটাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
শনিবার (১৩ জুন) সন্ধ্যায় মৌকরণ বাজারসংলগ্ন বেড়িবাঁধ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মৌকরণ এলাকার কয়েকজন বাসিন্দা ভেকু মেশিন দিয়ে বেড়িবাঁধ কাটার উদ্যোগ নেন। এসময় লেবুখালী ইউনিয়নের কার্তিকপাশা গ্রামের বাসিন্দারা এতে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে দুপক্ষের অন্তত ২০ জন আহত হন।
মৌকরণ এলাকার বাসিন্দাদের অভিযোগ, ২০০৮ সালে নির্মিত ওই বাঁধের কারণে আশপাশের প্রায় ১০টি গ্রামের কৃষিজমিতে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। অন্যদিকে কার্তিকপাশা গ্রামের বাসিন্দাদের দাবি, বাঁধটি পায়রা নদীর ভাঙন ও জলোচ্ছ্বাস থেকে তাদের এলাকা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ফলে বাঁধ কাটা হলে গ্রামটি ঝুঁকির মুখে পড়বে।
খবর পেয়ে দুমকি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আপাতত বাঁধ কাটার কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেয়। দুমকি থানার ওসি মো. সেলিম উদ্দীন বলেন, বেড়িবাঁধ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। বিষয়টি উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।