
বরগুনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের এক মেডিকেল টেকনোলজিস্টকে (রেডিওগ্রাফি) মারধরসহ এক্স—রে বিভাগে হামলা ও ভাঙচুরের ঘটনায় সাতদিন ধরে বন্ধ রয়েছে হাসপাতালের এক্স—রে সেবা।
এতে হাসপাতালে আসা রোগীদের বাধ্য হয়ে অতিরিক্ত খরচে এক্স—রে করতে হচ্ছে বাইরের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। তবে খুব শিগগিরই ক্ষয়ক্ষতি নিরূপণ করে পুনরায় এক্স—রে সেবা চালু করাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল সূত্রে জানা যায়, এক্স—রে বিভাগে হামলা চালিয়ে ভাঙচুর ও মারধরের ঘটনার পরপরই গত ১৭ নভেম্বর ভুক্তভোগী মেডিকেল টেকনোলজিস্ট মো. আবুল হোসেন বাদী হয়ে বরগুনা সদর থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় অভিযুক্ত আসামিরা হলেন— মো. মাইনুল ইসলাম লিটন (৫০) ও মো. সানি (২০)। এ ছাড়াও একই সঙ্গে ওই মামলায় আরও ৮ থেকে ৯ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর দুপুরের দিকে হাসপাতালে রুনা নামে এক রোগী হাঁটুর এক্স—রে করতে আসেন। এ সময় রোগীর সঙ্গে থাকা ৮ থেকে ৯ জন লোক এক্স—রে বিভাগের কক্ষে প্রবেশ করেন। পরে অতিরিক্ত লোক প্রবেশ করতে নিষেধ করে রোগীর এক্স—রে সম্পন্ন করেন দায়িত্বরত মেডিকেল টেকনোলজিস্ট মো. আবুল হোসেন। এরপর ওই রোগীর বুকের আরও একটি এক্স—রে করতে বলেন স্বজনরা।
এসময় আবুল হোসেন আবারও অতিরিক্ত লোক এক্স—রে রুম থেকে বের হতে এবং বাড়তি এক্স—রের জন্য সরকারি ফি জমা দিতে বলেন। তবে কক্ষ থেকে অতিরিক্ত লোকজন বের হতে বলায় ক্ষুব্ধ হয়ে বাগবিতণ্ডা এক পর্যায়ে চিকিৎসা নিতে আসা রোগী রুনার পক্ষের স্বজন মো. মাইনুল ইসলাম লিটন ও তার ছেলে মো. সানি কাজে বাধা সৃষ্টি করে মেডিকেল টেকনোলজিস্ট আবুল হোসেন এবং তার সহযোগী মো. জাহিদুলকে মারধর করেন। এছাড়াও এক্স—রে বিভাগে হামলা চালিয়ে দুটি ডিজিটাল এক্স—রে মেশিন, দুটি কম্পিউটার ও প্রিন্টারসহ কিছু উচ্চ প্রযুক্তির চিকিৎসা যন্ত্রপাতিও ভেঙে ফেলেন বলেও মামলায় উল্লেখ করা হয়। আর এ ঘটনার পর থেকেই বন্ধ রয়েছে হাসপাতালের এক্স—রে সেবা কার্যক্রম। ফলে বাধ্য হয়েই অতিরিক্ত খরচে বাইরের ক্লিনিকে এক্স—রে করতে হচ্ছে হাসপাতালে আসা ভুক্তভোগী রোগীদের।
এক্স—রে বিভাগে হামলার ঘটনায় মারধরের শিকার মেডিকেল টেকনোলজিস্ট মো. আবুল হোসেন ঢাকা পোস্টকে বলেন, এক্স—রে কক্ষের ভেতরে রোগীর সঙ্গে অনেক লোক প্রবেশ করায় এক্স—রে করতে সমস্যা হয়। এ কারণে বাড়িতে লোকজনকে কক্ষ থেকে বের হতে বললে আমাকে হুমকি ধামকি দেয়। এ ছাড়াও রোগীর একটি এক্স—রে করার কথা থাকলেও আমাকে দুটি এক্স—রে করতে বলেন তারা। পরবর্তীতে এক্স—রে করে দিলে তারা চলে যাওয়ার একটু পরেই স্বজনরা এসে আমাকে মারধর করেন। এছাড়াও এক্স—রে বিভাগের কক্ষে হামলা চালিয়ে ভেতরে থাকা এক্স—রে মেশিন, কম্পিউটার, ফটোকপি মেশিন ও বিভিন্ন যন্ত্রাংশ ফেলে দেওয়াসহ ভাঙচুর করেন তারা।
সরেজমিনে বরগুনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ঘুরে দেখা যায়, প্রতিদিনই দুর্ঘটনার শিকারসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসেন রোগীরা। এসব রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে অনেক রোগীকে এক্স—রে করতে বলেন কর্তব্যরত চিকিৎসক। তবে হাসপাতালের এক্স—রে বিভাগ বন্ধ থাকায় বাধ্য হয়ে প্রায় ৪০০ থেকে ৫০০ টাকা অতিরিক্ত খরচ করে বাইরের ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এক্স—রে করতে হচ্ছে ভুক্তভোগী রোগীদের। এতে একদিকে যেমন গুনতে হচ্ছে বাড়তি টাকা, অপরদিকে ভোগান্তিতেও পড়ছেন তারা। চিকিৎসা নিতে আসা রোগীদের দাবি, হাসপাতালে এক্স—রে করতে পারলে যেখানে মাত্র ২০০ থেকে ২৫০ টাকা খরচ হতো সেখানে এখন খরচ হচ্ছে ৬০০ থেকে ৭০০ টাকা। আর এ কারণেই দ্রুত হাসপাতালের এক্স—রে বিভাগ চালু করার দাবিও জানান ভুক্তভোগী রোগী ও স্বজনরা।
বরগুনা সদর উপজেলার আয়লা বাজার নামক এলাকার বাসিন্দা মো. নিজাম মায়ের হাত ভাঙার চিকিৎসা করতে হাসপাতালে এসেছেন। তিনি ঢাকা পোস্টকে বলেন, পড়ে গিয়ে মায়ের হাত ভেঙেছে। মাকে নিয়ে হাসপাতালে এসে দেখি এক্স—রে বন্ধ। বাধ্য হয়ে বাইরে ক্লিনিকে গিয়ে অতিরিক্ত টাকায় এক্স—রে করতে হয়েছে। এরপর আবার হাসপাতালে মাকে নিয়ে এসে হাতের ব্যান্ডেজ করিয়েছি। শুনেছি হাসপাতালের এক্স—রে মেশিন ভেঙে ফেলেছে। কিন্তু হাসপাতালে এক্স—রে মেশিন থাকলে আমাদের ভোগান্তি হতো না।
মো. নাসির নামে পৌর শহরের আরেক বাসিন্দা হাত ভাঙা নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে এসেছেন। তিনি ঢাকা পোস্টকে বলেন, ঠেলা গাড়িতে গাছ তুলতে গিয়ে হাতের ওপর গাছ পড়ে আমার হাত ভেঙেছে। হাসপাতালে এসে এক্স—রে করতে পারিনি। বাইরে ক্লিনিকে গিয়ে ৬০০ টাকায় এক্স—রে করেছি। এরপর হাসপাতালে এসে ব্যান্ডেজ করতে হয়েছে।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি দূর করতে বন্ধ থাকা এক্স—রে বিভাগ চালু করার বিষয়ে বরগুনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. তাজকিয়া সিদ্দিকাহ ঢাকা পোস্টকে বলেন, মেশিনটি সচল করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য যে টিম আছে, তারা এসে দেখে মেশিনের ক্ষয়ক্ষতি নিরূপণ করবেন। পরবর্তীতে আমরা হাসপাতালের এক্স—রে মেশিনটি সচল করতে পারব।
হাসপাতালে হামলা পরবর্তী মামলার বিষয়ে বরগুনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশান ও অর্থ) মো. মুকিত হাসান খাঁন ঢাকা পোস্টকে বলেন, গত ১৭ নভেম্বর এক রোগীর স্বজন ও মেডিকেল টেকনোলজিস্টের মধ্যে বাগবিতণ্ডা সূত্র ধরে হাসপাতালে ভাঙচুর হয়েছে। ঘটনার পরপরই থানা ও ডিবি পুলিশের সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়। এবং তখন থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ বরগুনা সদর থানায় একটি মামলা দায়ের করেন। অভিযুক্ত আসামি গ্রেপ্তার ও মামলা পরবর্তী তদন্তের কার্যক্রম চলমান রয়েছে।