
দুই ভাই—বোনকে বিষপান করিয়ে হত্যা চেষ্টার মামলার গত চার বছরে তিনটি চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশের তিনটি ইউনিট। দফায় দফায় তদন্ত করেও মামলায় আসামি হিসেবে নাম থাকা সত্ত্বেও মূল অভিযুক্তকে গ্রেপ্তার, এমনকি শনাক্তও করতে পারেনি তারা। যে কারণে প্রতিবেদনে মামলা থেকে বাদ দেওয়া হয় প্রধান অভিযুক্তের নাম।
তবে আদালতের নির্দেশে চতুর্থ দফায় তদন্তে নেমে ঘটনার রহস্য উদ্ঘাটনের পাশাপাশি প্রধান অভিযুক্তকে গ্রেপ্তারে সক্ষম হয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে নগরীর চরকাউয়া খেয়াঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. বাবু মিয়া ওরফে লাল বাবু (২৮) সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের গিলাতলি ৮ নম্বর ওয়ার্ডের মৃত আবুল কাশেম মিয়ার ছেলে। পেশায় তিনি চরকাউয়া খেয়াঘাটের ট্রলার মাঝি।
সিআইডি জানিয়েছে, গ্রেপ্তারের পর আদালতের কাছে স্বীকারোক্তি দিয়েছে অভিযুক্ত লাল বাবু। সে জানিয়েছে, সিরিঞ্জ দিয়ে সুকৌশলে প্রাণ লাচ্ছির সঙ্গে বিষ মিশিয়ে আপন দুই ভাই—বোনকে হত্যার চেষ্টা করে লাল বাবু।
মামলার তদন্তকারী কর্মকর্তা, সিআইডি বরিশাল মেট্রো ও জেলা ইউনিটের উপপরিদর্শক মো. খায়রুজ্জামান মামলার বরাতে জানান, বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের চরহোগলা গ্রামের মৃত মিলন মুন্সীর স্ত্রী নার্গিস বেগমের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল তার স্বজনদের সঙ্গে। এ নিয়ে আদালতে মামলাও হয়েছে।
ঘটনার দিন ২০২১ সালের ২৪ আগস্ট মামলা সংক্রান্ত কাজে আদালতে যান বাদী নার্গিস বেগম। সেই সুযোগে ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অভিযুক্ত লাল বাবু, নার্গিসের বাড়িতে গিয়ে তার কিশোরী কন্যা মিলি আক্তার (১৬) ও ৯ বছর বয়সী শিশুপুত্র মাহিমকে হত্যার উদ্দেশ্যে প্রাণ লাচ্ছির বোতলে বিষ মিশিয়ে পান করায়।
বিষ মেশানো প্রাণ লাচ্ছি পান করার পর মিলি এবং মাহিম জ্ঞান হারিয়ে একজন বাড়ির সামনে এবং অন্যজন ঘরের মধ্যে পড়ে থাকেন। বাসায় ফিরে সন্তানদের এমন পরিস্থিতি দেখে তাদের দুজনকে উদ্ধার করে বরিশাল শের—ই—বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এই ঘটনার প্রায় দুই মাস পর একই বছরের ১৩ অক্টোবর বরিশাল কোতোয়ালি মডেল থানায় হত্যাচেষ্টা মামলা করেন তাদের মা নার্গিস বেগম। মামলার প্রধান অভিযুক্ত করা হয় লাল বাবুকে।
সিআইডির পরিদর্শক মিজানুর রহমান বলেন, মামলাটি প্রথমে তদন্ত করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। এরপর ডিবি এবং পরে পিবিআই। কিন্তু কেউ মামলার প্রধান অভিযুক্ত লাল বাবুকে গ্রেপ্তার, এমনকি শনাক্তও করতে পারেনি। এ কারণে পুলিশের তিনটি ইউনিটই লাল বাবুকে বাদ দিয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।
তিনি আরও বলেন, পরে বাদীর আপত্তিতে চতুর্থ বারের মতো মামলাটি তদন্তের দায়িত্ব পায় সিআইডি। তাদের তদন্তে বেরিয়ে আসে লাল বাবুর পরিচয়। এরপর কোতোয়ালি মডেল থানা পুলিশের সহায়তায় বুধবার সকালে চরকাউয়া খেয়াঘাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে দুপুরে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।