মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
বরিশালের মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের মধ্য চরমালিয়া গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হারুন হাওলাদার কিছুদিন ধরে নিখোঁজ থাকার পর নিজ বাড়ির আঙিনায় মাটিচাপা অবস্থায় তার মরদেহ উদ্ধার হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও শোকের সৃষ্টি করেছে।
পরিবারের সদস্যদের দাবি, হারুন হাওলাদার গত ২৬ মে ২০২৬ থেকে নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পাওয়ায় বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশও বিভিন্নভাবে অনুসন্ধান চালালেও তার অবস্থান নিশ্চিত করতে পারেনি।
সোমবার (২৯ জুন ২০২৬) সকালে বাড়ির পেছনে পাকের ঘরের উত্তর—পশ্চিম পাশে মাটির একটি অংশ অস্বাভাবিক মনে হওয়ায় স্থানীয়দের সন্দেহ হয়। পরে স্থানীয় লোকজন সেখানে মাটি খুঁড়ে দেখেন, মাটিচাপা অবস্থায় হারুন হাওলাদারের মরদেহ রয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেয়। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে ও তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।
স্থানীয়দের ভাষ্য, কয়েকদিন ধরে নিখোঁজ থাকার পর নিজ বাড়িতেই মাটিচাপা অবস্থায় মরদেহ উদ্ধার হওয়ার ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও নৃশংস। তারা দ্রুত প্রকৃত হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তা এখনো তদন্তাধীন। তাই তদন্ত শেষ হওয়ার আগে কোনো ব্যক্তি বা পক্ষকে দায়ী করা সমীচীন নয়। পুলিশি তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন প্রকাশের পর প্রকৃত ঘটনা জানা যাবে।