মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
বরগুনার সদর উপজেলায় নিজ বাড়িতে চার্জে বসানো অটোরিকশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের বড় মেয়েও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ৭ নম্বর ঢলুয়া ইউনিয়নের ডালভাঙা নামক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ওই এলাকার আব্দুর রশিদের ছেলে মো. বেল্লাল (৪৫) ও তার স্ত্রী মোসা. কমলা (৪০)। আহত বড় মেয়ে মোসা. আরিফাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জখমপ্রাপ্ত হয়।
স্থানীয় ও স্বজন সূত্রে জানা যায়, নিহত বেল্লাল বাড়িতে একটি নতুন গরুর ফার্ম তৈরির কাজ করছিলেন। কাজের শেষের দিকে হওয়ায় ফার্মের জন্য নতুন টিন ক্রয়ের জন্য অটোরিকশা নিয়ে বাজারে আসার পরিকল্পনা করেন। পরে বাড়িতে থাকা নিজের অটোরিকশাটিকে চার্জে দেওয়া বিদ্যুৎ সংযোগ খুলতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর তাকে উদ্ধার করতে স্ত্রী কমলা ও তার মেয়ে সেখানে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরবর্তীতে বিষয়টি স্থানীয়রা টের পেয়ে বাড়িতে থাকা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে তাদেরকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেল্লাল ও তার স্ত্রী কমলাকে মৃত ঘোষণা করেন। এ ছাড়াও বিদ্যুৎস্পৃষ্টে পায়ে জখম হয়ে আহত মেয়ে আরিফাকেও হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।
নিহত বেল্লালের প্রতিবেশী মোসা. ফিরোজা বলেন, সকালে চার্জে থাকা অটোরিকশা আনতে গিয়ে প্রথমে বেল্লাল বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে ছাড়াতে গিয়ে স্ত্রী ও মেয়েও বিদ্যুৎস্পৃষ্ট হয়। খবর পেয়ে এলাকাবাসী মিলে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু হাসপাতালে আসার পর চিকিৎসক বলেন, বেল্লাল ও তার স্ত্রী কমলার মৃত্যু হয়েছে।
বেল্লালের দুলাভাই মো. কবির বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর শুনে আমি হাসপাতালে এসে দেখি, বেল্লাল ও তার স্ত্রী কমলা মারা গেছেন। তাদের বড় মেয়েও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছে। তবে মেয়েকে চিকিৎসা দেওয়া হয়েছে, এখন সুস্থ আছে।
বরগুনা জেনারেল হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. অপূর্ব কুমার চৌধুরী বলেন, সকালে বেল্লাল ও কমলা নামে দুজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা শেষে আমরা নিশ্চিত হয়েছি তাদের মৃত্যু হয়েছে। যেহেতু বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা শুনেছি, আমরা বিষয়টি পুলিশকে অবগত করেছি।
এ বিষয়ে বরগুনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী ও স্ত্রীর মৃত্যুর খবর জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।