বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
খুলনায় চার জন সাংবাদিককে লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাত ১২টা ৫ মিনিটের দিকে নগরীর জাতিসংঘ শিশুপার্কের পশ্চিম পাশে জলিলের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গুলিটি একটি প্লাস্টিকের টুলে লাগে। ওই টুলে এসএ টিভির খুলনা ব্যুরো প্রধান রকিবুল ইসলাম মতি বসা ছিলেন। সেখানে আরও উপস্থিত ছিলেন স্টার নিউজের ব্যুরো প্রধান রফিউল ইসলাম টুটুল, বিজনেস স্ট্যান্ডার্ডের জেলা প্রতিনিধি আওয়াল শেখ ও দৈনিক আমাদের সময়ের খুলনা প্রতিনিধি সৈয়দ হুমায়ুন কবির। গুলির স্পিন্টারের আঘাতে আওয়াল শেখ আহত হন।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানান, প্রতিদিনের মতো কাজ শেষে কয়েকজন সাংবাদিক চায়ের দোকানটির সামনে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় সাত রাস্তার দিক থেকে শান্তিধামের দিকে যাওয়া একটি মোটরসাইকেলে দুই যুবক এসে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপর হেলমেট পরা ওই যুবকেরা সেখান থেকে চলে যায়।
সাংবাদিক রকিবুল ইসলাম মতি বলেন, ‘প্রতিদিনের মতো আমরা চার—পাঁচজন বসে কথা বলছিলাম। এ সময় একটি মোটরসাইকেলে করে দুই দুর্বৃত্ত এসে গুলি চালায়। একটি গুলি গিয়ে আমার বসার টুলে লাগে। গুলির একটি স্পিন্টার সাংবাদিক আওয়াল শেখের শরীরে লেগেছে। তিনি এখন সুস্থ আছেন।’ কেন তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে, তা তারা বুঝতে পারছেন না।
সাংবাদিক রফিউল ইসলাম টুটুল বলেন, ঘটনাটিকে পূর্ব পরিকল্পিত এবং সেখানে উপস্থিত চার সাংবাদিকদের কেউ একজন লক্ষ্যবস্তু ছিলেন। কারণ মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলিটি ছুড়ে ছিল।
খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। আশপাশের সব সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। পুলিশের পাশাপাশি সিআইডি ও পিআইবিকে ছায়া তদন্তের জন্য বলা হয়েছে। এছাড়া পুলিশ সদর দপ্তরের তদন্ত প্রযুক্তি ও মোবাইল লোকেশন নিয়ে কাজ করা এলআইসিরও সহযোগিতা চাওয়া হয়েছে। হামলার উদ্দেশ্য ও লক্ষ্যবস্তু কে ছিলেন দ্রুত খুঁজে বের করা হবে। একইসঙ্গে হামলাকারীদের গ্রেপ্তার করা হবে।
এ ঘটনার প্রতিবাদে বুধবার দুপুরে খুলনা প্রেস ক্লাব চত্বরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের কর্মসূচি পালন করেছে খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে)। এমইউজের সভাপতি রাশিদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন কেডিএ চেয়ারম্যান শফিকুল আলম মনা, বিসিবি পরিচালক শফিকুল আলম তুহিন, এহতেশামুল হক শাওন, আবদুর রাজ্জাক রানা, আশরাফুল ইসলাম নূর প্রমুখ।