
বরগুনার বামনা উপজেলায় বিশেষ অভিযানে ছয়টি মামলার ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে বামনা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি হলেন উপজেলার ২ নম্বর বামনা সদর ইউনিয়নের নিজ আমতলী গ্রামের মালেক দফাদারের ছেলে মো. মামুন দফাদার (৩৮)। বুধবার (২৯ জুলাই) বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন খানের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. শহীদুল ইসলাম, এএসআই মো. আমির হোসেনসহ সঙ্গীয় ফোর্স নিজ আমতলী গ্রামে অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে মামুন দফাদার পালানোর চেষ্টা করলে স্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে তাকে আটক করা হয়। পরে তাকে বামনা থানায় নিয়ে আসা হয়।
পুলিশ জানায়, মামুন দফাদারের বিরুদ্ধে পাঁচটি মাদক মামলা ও একটি মারামারির মামলাসহ মোট ছয়টি মামলার ওয়ারেন্ট রয়েছে। এর আগে গত ২১ জুলাই উপজেলার সদর ইউনিয়নের ঢুষখালী গ্রামের মো. জালাল জমাদ্দারের বাড়ির সামনে পাকা সড়কে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের সময় পুলিশের অভিযানে এক ব্যক্তিকে আটক করা হলেও মামুন দফাদার কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন।
পুলিশের তথ্যমতে, তার বিরুদ্ধে বামনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় একাধিক মামলা দায়ের রয়েছে। এছাড়া ২০২২ সালের একটি মারামারির মামলাও বিচারাধীন রয়েছে।
বামনা থানার ওসি মো. ফারুক হোসেন খান বলেন, “অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে।”