
বরিশালের কাজিরহাট থানাধীন ১ নম্বর আন্দারমানিক ইউনিয়নে রাতের আঁধারে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে একদল অসাধু বালু ব্যবসায়ীর বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আজিমপুর খালের গোড়ায় এভাবে বালু উত্তোলন ও বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
এলাকাবাসীর অভিযোগ, গভীর রাতে ড্রেজার দিয়ে লতা নদী ও খালসংলগ্ন এলাকা থেকে বালু উত্তোলন করা হচ্ছে। এতে নদী ও খালের পাড় ভাঙনের পাশাপাশি আশপাশের বসতবাড়ি ও ফসলি জমি হুমকির মুখে পড়তে পারে। অব্যাহতভাবে এভাবে বালু উত্তোলন করা হলে যেকোনো সময় বসতবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
এ ঘটনায় আন্দারমানিক ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সজীব বিশ্বাস ও সাধারণ সম্পাদক সম্রাটের নাম আলোচনায় এসেছে। তবে এ বিষয়ে তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, অভিযুক্তদের ভয়ে অনেকেই প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছেন না।
এলাকাবাসীর দাবি, রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টি প্রশাসন সরেজমিনে তদন্ত করে জড়িতদের শনাক্ত করুক এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক।
অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বিষয় জানতে চাইলে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বিষয় খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে আস্বস্ত করেন।
তাঁদের আশঙ্কা, দ্রুত অবৈধ বালু উত্তোলন বন্ধ করা না হলে এলাকার পরিবেশ ও জনবসতি মারাত্মক ঝুঁকির মুখে পড়বে।