
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চরকাজলে পাওনা টাকার বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে গ্রামপুলিশসহ তিন জন আহত হয়েছেন। বুধবার (২৯শে জুলাই) রাতে ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শনিবাবের বাজারে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন, চরকাজল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গ্রামপুলিশ মোঃ জসিম গাজী(৪৫), মোঃ বেলাল গাজীর ছেলে মোঃ তামিম(২৩) ও মোঃ সোহেল গাজী (৩২) আহতদের স্থানীয় ডাক্তারের থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ছোট চরকাজল গ্রামের মোঃ সোহেল গাজী প্রতিবেশী মোঃ তরিকুল মোল্লার কাছে তরমুজ ব্যবসার বেশ কিছু টাকা পায়। এ নিয়ে সোহেল স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে দায়ের করেন। পরবর্তীতে একাধিক সালিশি বৈঠক বসার কথা হলেও বসে বিরোধের নিষ্পত্তি করা হয়নি। আজ তাই নিয়েই সংঘর্ষ।
সংঘর্ষের খবর পেয়ে গ্রামপুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা গ্রামপুলিশের ওপর চড়াও হয়। এতে গ্রামপুলিশ মোঃ জসিম গাজীসহ স্থানীয় কয়েকজন আহত হন। হামলার সময় গ্রামপুলিশ জসিমের কাছে থাকা নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে দাবি তাদের।
স্থানীয় জসিম ফরাজি বলেন, আমরা বসে চা—পান খাচ্ছিলাম, হটাৎ দেখি সোহেল ও তরিকুল মোল্লা টাকার বিষয় নিয়ে কথা কাটা—কাটি করেন। এক পর্যায়ে দুজন দুজনের শার্টের কলার ধরে টানাটানি করে। এঘটনা দেখে স্থানীয় গ্রামপুলিশ জসিম তাদের থামাতে যায়, সোহেল সরে গেলেও তরিকুল মোল্লা ও তার দুই ভাই হামলা করে জসিমের উপর। তাকে ধাক্কা দিয়ে পাশের ডোবায় ফেলে গলা চেপে ধরেন তরিকুল, পরে আমরা অনেক লোক গিয়ে জসিমকে উদ্ধার করি। নাহলে হয়তো জসিমকে তারা মেরে ফেলতো।
এবিষয়ে তরিকুল মোল্লার মুঠো ফোনো যোগাযোগ করলে তিনি পরে কথা বলবে বলে ফোন কেটে দেন। তারপর তার সাথে আর যোগাযোগ করা যায়নি।
এ বিষয়ে গলাচিপা থানার ওসি ইমতিয়াজ মাহমুদ বলেন, এবিষয়ে ১লা আগস্ট থানায় নিয়মিত মামলা হয়েছে এবং আমরা ১নং মোঃ তরিকুল মোল্লাকে গ্রেফতার করেছি।