
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট বন্দর তেমুহনি চত্বরে খান ইলেকট্রনিক্স নামে একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানটির পাঁচ লাখ টাকারও বেশি মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিক।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটের দিকে দোকানটিতে আগুনের সূত্রপাত হয়। আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে মেহেন্দিগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা।
পরে মেহেন্দিগঞ্জ থানা পুলিশের সহযোগিতা ও স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায়।
দোকান মালিক দুলাল খান জানান, অগ্নিকাণ্ডে তাঁর পাঁচ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়রা জানান, দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন বলে মনে করছেন তারা।
এ ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মী, পুলিশ ও স্থানীয়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দোকান মালিক দুলাল খান।