
ঝালকাঠির নলছিটি উপজেলার আমিরাবাদ গ্রামে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জোহরা বেগম (৪৮) নামে এক গৃহবধূর ওপর হামলার অভিযোগ উঠেছে তার দেবর ফরিদুল হক খলিফা ও তার তিন ছেলের বিরুদ্ধে। বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার আমিরাবাদ খলিফা বাড়িতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহতের ছেলে মেহেদী হাসান জানান, প্রায় ৯ মাস আগে তার বড় চাচা আব্দুল হক খলিফার ৯.৭৯ শতাংশ জমি তার মা জোহরা বেগম ক্রয় করেন। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে সালিশ-মীমাংসা হলেও বিরোধের অবসান হয়নি। পরে জমি ফেরত পাওয়ার উদ্দেশ্যে অভিযুক্ত ফরিদুল হক খলিফা আদালতে সমপরিমাণ অর্থ জমা দেন। তবে আদালত থেকে কোনো সুফল না পেয়ে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগে আরও বলা হয়, ঘটনার দিন সন্ধ্যায় শামসুল হকের বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে ফরিদুল হক খলিফার নেতৃত্বে তার ছেলে রাসেল খলিফা, রিয়াদ খলিফা ও রিফাত খলিফা জোহরা বেগমের ওপর লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
আহতের স্বজনরা জানান, এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তবে এ বিষয়ে অভিযুক্ত ফরিদুল হক খলিফা ও তার পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া ঘটনার বিষয়ে নলছিটি থানার পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো বক্তব্য জানা যায়নি।