
পিরোজপুরের ভান্ডারিয়ায় চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনা ১৩ লাখ ২৬ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি জব্দ করেছে ভান্ডারিয়া থানা পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। পাশাপাশি চোরাচালানের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২৪ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিকে ভান্ডারিয়া থানাধীন আমান উল্লাহ কলেজের সামনে ভান্ডারিয়া-কাঁঠালিয়া পাকা সড়কে অভিযান চালায় পুলিশ। এ সময় একটি ট্রাকে ভর্তি করে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনা বিভিন্ন ধরনের শাড়ি ও পাঞ্জাবি উদ্ধার করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য ১৩ লাখ ২৬ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
অভিযানে আটক ব্যক্তিরা হলেন—গোপালগঞ্জের কোটালীপাড়া থানার কাকডাঙ্গা ৮ নম্বর ওয়ার্ডের ইউসুফ আলী শিকদারের ছেলে মো. বাকি বিল্লাহ শিকদার (৫৫), বরিশালের মুলাদী থানার চর কালেখা এলাকার গাছুয়া ইউনিয়নের মো. সেলিম বেপারীর ছেলে মো. শামীম বেপারী (৪৫) এবং শরীয়তপুরের ডামুডা থানার কুলকুড়ি ৫ নম্বর ওয়ার্ডের মো. বাচ্চু সরদারের ছেলে মো. সিয়াম সরদার (১৯)।
পুলিশ জানায়, জব্দ করা ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আটক তিনজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।