
পিরোজপুরের কাউখালীতে পরিবেশ সুরক্ষার লক্ষ্যে ‘আলোর দিশারী ফাউন্ডেশন’—এর উদ্যোগে ১৫ দিনব্যাপী প্রায় তিন হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজ ও বিভিন্ন যানবাহনের শ্রমিকদের মাঝে ফলদ, বনজ ও ওষুধি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আলোর দিশারী ফাউন্ডেশনের চেয়ারম্যান জামিনুল হক জামিল, সংগঠনের পৃষ্ঠপোষক মাওলানা সিদ্দিকুল ইসলাম, উপদেষ্টা অধ্যাপক হুমায়ুন কবির, আরএসডি মাদ্রাসার সুপার মাওলানা দেলোয়ার হোসেন এবং ব্যবসায়ী মনির হোসেনসহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ।
আলোর দিশারী ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ জামিনুল হক জামিল বলেন,জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে আমাদের এলাকা তথা দেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। কেবল চারা বিতরণ করলেই হবে না, রোপণ করা প্রতিটি গাছের সঠিকভাবে পরিচর্যা ও রক্ষা করতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী রেখে যাওয়াই আলোর দিশারী ফাউন্ডেশনের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, আজকের রোপণ করা এই ছোট্ট চারাটিই আগামী দিনে ছায়া ও অক্সিজেন দিয়ে আমাদের সমাজকে সুরক্ষিত রাখবে। সমাজের সর্বস্তরের মানুষকে এই ধরণের সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
অনুষ্ঠান শেষে স্থানীয় শিক্ষার্থী ও চালকদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন উপস্থিত অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দ।