
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে চড়ুই পাখির আশ্রয়স্থল হিসেবে পরিচিত একটি গাছের ডাল কেটে ফেলার ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয়দের দাবি, বাজারের ওই গাছটিতে প্রতিদিন রাতে অসংখ্য চড়ুই পাখি আশ্রয় নিত। দীর্ঘদিন ধরে গাছটি পাখিদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত ছিল। সম্প্রতি গাছটির কয়েকটি ডাল কেটে ফেলার পর বিষয়টি নীলগঞ্জ ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত বন কর্মকর্তার নজরে আসে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রথম দফায় দুটি ডাল কাটার পর বন কর্মকর্তা গাছটির বাকি ডাল না কাটার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে নির্দেশনা দেন। কিন্তু অভিযোগ রয়েছে, ওই নির্দেশনার পরও গাছটির অবশিষ্ট ডালগুলো কেটে ফেলা হয়েছে। এতে চড়ুই পাখির দীর্ঘদিনের আশ্রয়স্থলটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের পাশাপাশি পাখিদের নিরাপদ আবাসস্থল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তারা গাছটি রক্ষার পাশাপাশি পাখির আবাসস্থল ধ্বংসের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এদিকে, স্থানীয় ব্যবসায়ী ইব্রাহিম সরদারের বিরুদ্ধে গাছটির ডাল কাটার সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগ উঠেছে। তবে অভিযোগ অস্বীকার করে ইব্রাহিম সরদার বলেন, “আমি অনুপস্থিত থাকা অবস্থায় আমার ছেলে ডালগুলো কেটে ফেলেছে।”
স্থানীয়রা বলছেন, বিষয়টি তদন্ত করে গাছের ডাল কাটার প্রকৃত কারণ ও সংশ্লিষ্টদের ভূমিকা নির্ধারণ করা প্রয়োজন। একই সঙ্গে ভবিষ্যতে পাখির আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত গাছগুলো রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।