
ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া দুর্গাপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ চারজন আহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাজাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। হামলায় দেশীয় অস্ত্র ব্যবহার এবং নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করেছেন মামলার বাদী।
এজাহার সূত্রে জানা যায়, উপজেলার ১ নম্বর গালুয়া ইউনিয়নের গালুয়া দুর্গাপুর গ্রামের বাসিন্দা হুজুরা বেগমের সঙ্গে অভিযুক্তদের পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ১৪ আগস্ট ২০২৬ ভোরে অভিযুক্ত ব্যক্তিরা দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর বাড়িতে হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্তরা বাড়িতে গিয়ে গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে দা, লোহার রড, লাঠি ও লোহার শাবল দিয়ে বাদীসহ অন্যদের ওপর হামলা চালান। এতে নারীসহ চারজন আহত হন। এ সময় বাদীর কাছ থেকে নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।
বাদীর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে এজাহারে উল্লেখ রয়েছে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁদের বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় মো. শহিদুল ইসলাম, মো. মাজহারুল ইসলাম, মো. আকিদুল ইসলাম, মো. শাহিন সিকদার ও মো. মাসুদ সিকদারসহ কয়েকজনকে অভিযুক্ত করে রাজাপুর থানায় মামলা করা হয়েছে।
মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩৭৯ ও ৫০৬(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া গেলে তা-ও প্রকাশ করা হবে।