
ঝালকাঠির কাঁঠালিয়ায় ইলিশ সম্পদ রক্ষায় এক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল ও ইলিশ শিকারের জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।
আজকে দিনব্যাপী পরিচালিত এ অভিযানে প্রায় ২০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়। পরবর্তীতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সহকারী কমিশনার (ভূমি) সুমি রানী বল—এর উপস্থিতিতে উদ্ধারকৃত সকল জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, জাতীয় সম্পদ ইলিশের প্রজনন সুরক্ষা ও অবয়াশ্রম রক্ষায় ঝালকাঠির নদীগুলোতে নিয়মিত তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জালসহ জাটকা ও মা ইলিশ ধরার সরঞ্জাম জব্দ করা সম্ভব হয়।
পরবর্তীতে জনসমক্ষে জব্দকৃত অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করার পাশাপাশি অভিযান থেকে উদ্ধার হওয়া প্রায় ১২ কেজি ইলিশ মাছ স্থানীয় একটি ক্বওমী মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।
অভিযান পরিচালনা শেষে সহকারী কমিশনার (ভূমি) সুমি রানী বল জানান, “ইলিশ মাছ আমাদের জাতীয় সম্পদ। মা ইলিশ ও জাটকা রক্ষায় সরকারের নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ এবং ইলিশের প্রজনন নিরাপদ রাখতে আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
এ সময় স্থানীয় মৎস্য কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।