
অনলাইনে ইলিশ মাছ বিক্রির নামে প্রতারণার অভিযোগে সক্রিয় চক্রের আরও দুই সহযোগীকে গ্রেফতার করেছে চাঁদপুর জেলা পুলিশ। ফেসবুক পেজের প্রচারণা, পোস্ট বুস্ট ও ওয়েবসাইট তৈরিতে সহযোগিতার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। এ নিয়ে চক্রটির মোট ১১ জনকে গ্রেফতার করা হলো।
বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল চট্টগ্রামের সন্দ্বীপ থানা পুলিশের সহযোগিতায় মঙ্গলবার (৩ নভেম্বর) সন্দ্বীপ থানা এলাকায় অভিযান চালায়। এ সময় চক্রের সহযোগী হিসেবে সন্দেহভাজন দুজনকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন— সন্দ্বীপের কালাপানিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মহারাজ শীলের বাড়ির শ্যামল চন্দ্র শীলের ছেলে শ্রী শান্ত শীল (২৫) এবং আমানউল্যাহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চেউরিয়া এলাকার গোপাল মেম্বারের বাড়ির তরিত সূত্রধরের ছেলে মিঠুন সূত্রধর (২৯)।
পুলিশের ভাষ্য, গ্রেফতার দুজন অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণায় জড়িত চক্রের সহযোগী হিসেবে কাজ করতেন। তারা চক্রের ফেসবুক পেজের প্রচারণা চালানো, বিভিন্ন পোস্ট বুস্ট করা এবং ওয়েবসাইট তৈরিতে সহায়তা করতেন।
অভিযানকালে তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত সিমসহ তিনটি মোবাইল ফোন, চারটি খোলা সিম, একটি ল্যাপটপ ও একটি কম্পিউটার পিসি জব্দ করা হয়েছে।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর জানান, গ্রেফতার দুজনকে বুধবার দুপুরে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন।
এর আগে, বিভিন্ন সময়ে অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণার অভিযোগে চক্রটির আরও ৯ সদস্যকে গ্রেফতার করা হয়েছিল। সর্বশেষ দুজনসহ এ ঘটনায় মোট ১১ জন গ্রেফতার হলেন।