
বরিশালের উজিরপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে দুটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগে রাজিব (৩৫) নামে স্থানীয় এক যুবককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৮ নভেম্বর) উপজেলার শিকারপুর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নুরুর ইটভাটা (এসএসবি) ও মক্কা ব্রিকসের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর ঢাকার মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ সাদিয়া আকতারের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় পরিবেশ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দীন উপস্থিত ছিলেন। অভিযানে সহযোগিতা করে বরিশাল জেলা পুলিশের বিশেষ টিম ও উজিরপুর ফায়ার সার্ভিসের একটি দল।
পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর ঢাকার মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ সাদিয়া আকতার বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। তারই ধারাবাহিকতায় কয়লার পরিবর্তে লাকড়ি ব্যবহার ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দুটি অবৈধ ইটভাটাকে গুড়িয়ে দেওয়া হয়েছে ও সরকারি কাজে বাধা ও মব সৃষ্টির অপরাধে একজনকে আটক করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, একটি দালালচক্রের মাধ্যমে সাংবাদিক পরিচয়ধারী কয়েকজন ব্যক্তি এবং পরিবেশ অধিদপ্তরের কিছু অসাধু কর্মকর্তা—কর্মচারীকে নিয়মিত মাসোহারা দিয়ে দীর্ঘদিন ধরে এসব অবৈধ ইটভাটার কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। তাদের দাবি, প্রভাবশালী একটি মহলের যোগসাজশে অবৈধ ইটভাটাগুলো নির্বিঘ্নে চলছিল। এ অভিযোগের সত্যতা যাচাই এবং জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।