, , ,
শিরোনাম
কাউখালীতে ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন প্রত্যাশীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত গণমাধ্যম নিয়ন্ত্রণের ইচ্ছা সরকারের নেই: তথ্য প্রতিমন্ত্রী ‘আপনি অতিথি, আমাদের শান্তিতে থাকতে দেন’ ওসিকে ছাত্রলীগ নেতা ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে নিখোঁজ কর্মচারী, জঙ্গলে মিলল মোটরসাইকেল অবৈধ বিদ্যুৎ সংযোগ, বিএনপি নেতার বাড়ির মিটার খুলে নিল পল্লী বিদ্যুৎ কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার ঢাকার আদালত থেকে পালালেন হত্যা মামলার আসামি এনএসআই পরিচয়ে ৪ মাস ধরে চাঁদা আদায় করছিলেন তিনি আমতলীতে জমির বিরোধে মামলা, বাদীকে অ্যাসিড নিক্ষেপ-হত্যার হুমকি হিজলায় আগুনে পুড়ল পাঁচ দোকান
কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

কুষ্টিয়া শহরের থানা পাড়ায় দীর্ঘদিন উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় এসএসসি পরীক্ষার্থী জাকিয়া সুলতানাকে (১৬) ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত স্কুলছাত্র ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকায় তার নানার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ঘটনার পর থেকেই ইমনকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছিল। প্রথমে শহরের পূর্ব মজমপুর এলাকায় তার বাসায় খোঁজ করা হলেও তাকে পাওয়া যায়নি। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় পাটিকাবাড়ি এলাকায় তার নানার বাড়িতে অবস্থানের তথ্য পায় পুলিশ।

ওসি জাকির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে প্রথম দফায় অভিযান চালালেও ইমনকে পায়নি। পরে পুলিশ ফিরে গেলে সে আবার নানার বাড়িতে আসে। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর রাত দেড়টার দিকে দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে ঘটনার পর ইমন ও তার মা পূর্ব মজমপুরের মফিজ উদ্দিন বিশ্বাস লেনের তেঁতুলতলা মাঠসংলগ্ন পাঁচতলা লিলি গার্ডেন ভবনের বাসা ছেড়ে চলে যান বলে জানিয়েছিলেন স্থানীয়রা। সোমবার রাত ১০টার দিকে ওই ভবনে গিয়ে বাসাটি জনশূন্য দেখা যায়।

স্থানীয়দের তথ্যমতে, ইমন পাটিকাবাড়ি এলাকার আব্বাস উদ্দিনের ছেলে। প্রায় ২০ বছর আগে তার পরিবার পূর্ব মজমপুর এলাকায় বসবাস শুরু করে। তার বাবা দীর্ঘদিন ধরে সৌদি আরবে প্রবাসী। বড় ভাই আকাশ থাকেন নেদারল্যান্ডসে। দুই ভাইয়ের মধ্যে ইমন ছোট।

প্রতিবেশীরা জানান, ইমন বেসরকারি একটি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। একাধিকবার শ্রেণিতে অকৃতকার্য হওয়ায় সে আগে কয়েকবার স্কুল পরিবর্তন করেছে বলে জানা গেছে। এলাকায় তার চলাফেরা ও স্থানীয়দের সঙ্গে মেলামেশাও ছিল সীমিত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১টা ১০ মিনিটের দিকে শহরের থানা পাড়ায় নিজের বাসার সামনে ছুরিকাঘাতের শিকার হয় জাকিয়া। স্কুল ছুটির পর বাড়ি ফিরে বাসার গেট খোলার অপেক্ষায় দাঁড়িয়ে ছিল সে। এ সময় কালো শার্ট পরা ইমন সেখানে এসে ধারালো ছুরি দিয়ে তাকে আঘাত করে। জাকিয়ার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে ছুরি ফেলে পালিয়ে যায় অভিযুক্ত। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দুপুর ১টা ৪০ মিনিটের দিকে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে চিকিৎসাধীন।

অভিযোগ রয়েছে, একটি কোচিং সেন্টারে পড়ার সময় থেকেই ইমন বিভিন্নভাবে জাকিয়াকে উত্ত্যক্ত করত। দীর্ঘদিনের এই হয়রানির প্রতিবাদ করায় ক্ষুব্ধ হয়ে সে জাকিয়ার ওপর হামলা চালায়।

এ ঘটনায় জাকিয়ার বাবা জাকারিয়া বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেছেন।

ওসি জাকির হোসেন বলেন, ‘স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমনকে পাটিকাবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost