, , ,
ভান্ডারিয়ায় বেওয়ারিশ কুকুরের উৎপাত, আতঙ্কে পথচারী ও শিক্ষার্থীরা

ভান্ডারিয়ায় বেওয়ারিশ কুকুরের উৎপাত, আতঙ্কে পথচারী ও শিক্ষার্থীরা

Reporter
প্রতিবেদক : জাকির হোসেন কাজী
প্রকাশিত : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

পিরোজপুরের ভান্ডারিয়া পৌর শহরসহ আশপাশের এলাকায় বেওয়ারিশ কুকুরের উৎপাত আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। প্রধান সড়ক, বাজারের অলিগলি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে দলবদ্ধ কুকুরের অবাধ বিচরণে সাধারণ মানুষের স্বাভাবিক চলাফেরা ব্যাহত হচ্ছে।

সকাল ও রাতের বেলায় রাস্তায় লোকজন কম থাকলে কুকুরের দল পথচারী, নারী ও বয়স্কদের তাড়া করছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। বিশেষ করে স্কুলগামী শিশুদের হাতে টিফিন থাকলে কুকুরগুলো আক্রমণাত্মক হয়ে ওঠে। এতে অভিভাবকরা চরম দুশ্চিন্তায় রয়েছেন।

এছাড়া চলন্ত রিকশা, ভ্যান ও মোটরসাইকেলের পেছনে হঠাৎ কুকুর দৌড়ে আসায় চালকরা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন। কুকুরের কামড়ের শিকার হচ্ছেন সাধারণ জনগণও।

স্থানীয়রা জানান, প্রাণী কল্যাণ আইন, ২০১৯ অনুযায়ী বেওয়ারিশ কুকুর নিধন দণ্ডনীয় অপরাধ। তবে জননিরাপত্তার স্বার্থে কুকুরের বন্ধ্যাত্বকরণ ও জলাতঙ্ক প্রতিরোধী টিকা প্রদানের দায়িত্ব পৌরসভা ও স্থানীয় প্রশাসনের। ভান্ডারিয়াবাসী দ্রুত এই মানবিক ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

এ বিষয়ে ভান্ডারিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মো. ফরিদ উজ্জামান বলেন, “বেওয়ারিশ অর্থাৎ মালিকানাবিহীন কুকুরের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। এই কুকুরগুলো ভ্যাকসিনেশনের আওতার বাইরে থেকে যায়। এ জন্য এই কুকুরগুলো যদি কোনো স্কুলের শিশু বা সাধারণ পথচারীকে কামড়ায়, তাহলে বিষয়টি খুবই উদ্বেগজনক। এ ক্ষেত্রে কামড়ের স্থান কাপড় ধোয়ার সাবান দিয়ে ১৫ থেকে ৩০ মিনিট ধরে খুব ভালোভাবে ধুতে হবে। তারপর জায়গাটি অ্যান্টিসেপটিক দিয়ে ভালোভাবে পরিষ্কার করতে হবে। এরপর যত দ্রুত সম্ভব পোস্ট—এক্সপোজার র‍্যাবিস ভ্যাকসিন নিতে হবে।”

ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) মো. ইব্রাহিম মোল্যা বলেন, “প্রতিদিন ডোজ অনুযায়ী গড়ে ৩০ জনকে অ্যান্টি—র‍্যাবিস ভ্যাকসিন (জলাতঙ্কের টিকা) প্রদান করা হয়। হাসপাতালে নিয়মিত ভ্যাকসিন সরবরাহ রয়েছে।”

ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান বলেন, “বাংলাদেশের প্রাণী কল্যাণ আইন, ২০১৯ অনুযায়ী বেওয়ারিশ কুকুর নিধন, বিষ প্রয়োগ বা স্থানান্তর সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ। তবে স্থানীয় সরকার (পৌরসভা) আইন অনুযায়ী জননিরাপত্তার স্বার্থে পৌরসভা ও প্রাণিসম্পদ অধিদপ্তরের সমন্বয়ে কুকুরের বন্ধ্যাত্বকরণ এবং জলাতঙ্ক প্রতিরোধী টিকাদান কর্মসূচি পরিচালনার চেষ্টা রয়েছে।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost