পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসা ব্যবস্থার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, বহির্বিভাগের চিকিৎসা ব্যবস্থার অবস্থা সন্তোষজনক নয়। এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ককে সার্বক্ষণিক নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এ সময় রোগীদের অভিযোগের ভিত্তিতে হাসপাতালের দালালচক্র নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, দালালরা হাসপাতালে প্রবেশ করে রোগীদের অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে দ্রুত অভিযান পরিচালনা করে দালালদের আটক করার নির্দেশ দেন তিনি।
হাসপাতালের ভেতর ও বাইরের অপরিচ্ছন্ন পরিবেশ নিয়েও অসন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি সংশ্লিষ্টদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন করার নির্দেশ দেন।
পরে তিনি নগরীর আমানতগঞ্জ এলাকায় অবস্থিত উদ্বোধনের অপেক্ষায় থাকা শিশু হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দ্রুত হাসপাতালটির উদ্বোধনের প্রস্তুতি চলছে। আগামী তিন থেকে চার মাসের মধ্যে হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু করা হবে এবং জুলাই মাসের মধ্যে প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া হবে।
তিনি আরও বলেন, “পূর্বের সরকার স্বাস্থ্যখাতে পর্যাপ্ত অর্থ বরাদ্দ ও জনবল নিয়োগ দিয়ে যায়নি। ফলে বর্তমানে বিভিন্ন সংকট মোকাবিলা করতে হচ্ছে।”
পরবর্তীতে স্বাস্থ্যমন্ত্রী শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি নিয়ে কথা বলেন। তিনি জানান, পূর্বে ব্যবস্থাপনা কমিটির দায়িত্বে থাকা ব্যক্তিরা ঢাকায় অবস্থান করায় হাসপাতাল পরিচালনায় সমস্যার সৃষ্টি হতো। তাই ভবিষ্যতে বরিশালে অবস্থানকারী জনপ্রতিনিধিদের হাসপাতাল ব্যবস্থাপনায় যুক্ত করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, শিগগিরই একজন মন্ত্রীকে সভাপতি এবং স্থানীয় সংসদ সদস্যদের সদস্য করে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি গঠন করা হবে।