শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
বরিশালের হিজলা উপজেলার কাজিরহাট থানার ৭ নং ভাসানচর ইউনিয়নের কলাতলা গ্রামে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি লম্পট এনায়েত খাঁকে (৪৫) ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় কাজিরহাট থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে একটি টিম গত ২১ জুন ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ জুন বিকেল আনুমানিক চারটার দিকে কলাতলা গ্রামের ২ নং ওয়ার্ডের লম্পট এনায়েত খাঁ ওই অবুঝ শিশুটিকে ফুসলিয়ে একটি বাগানে নিয়ে পাশবিক ধর্ষণ করে। ঘটনার পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে এবং জানাজানি হয়ে গেলে অভিযুক্ত এনায়েত এলাকা ছেড়ে পালিয়ে যায়। খবর পেয়ে কাজিরহাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং পরবর্তীতে চিকিৎসার ব্যবস্থা করে।
এই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে লম্পট এনায়েত খাঁকে একমাত্র আসামি করে কাজিরহাট থানায় একটি কঠোর ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পরই এলাকার কিছু অসাধু ও প্রভাবশালী ব্যক্তি বিষয়টি ধামাচাপা দিতে এবং সামাজিকভাবে মীমাংসার চেষ্টা চালিয়েছিল বলে অভিযোগ ওঠে। তবে পুলিশি তৎপরতা ও অনড় অবস্থানের কারণে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়।
কাজিরহাট থানার পুলিশ জানায়, মামলা হওয়ার পর থেকেই আসামিকে গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছিল। অবশেষে তথ্য-প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে আসামির অবস্থান নিশ্চিত করে ২১ জুন ঢাকার কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। এরপর যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আজ (২২ জুন) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিকে স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত লম্পট এনায়েতের বিরুদ্ধে এলাকায় চুরি, ছিনতাই, নারী নির্যাতনসহ একাধিক অপকর্ম ও মাদক সংশ্লিষ্টতার দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। তার এই দৃষ্টান্তমূলক গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তি নেমে এসেছে এবং স্থানীয়রা এই লম্পটের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।