মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
রাজধানীর আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারে বাসা ভাড়ার বকেয়া টাকা নিয়ে বিরোধের জেরে মারধরের শিকার হয়ে স্বপন (৬২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৩ জুলাই) ভোর ৪টার দিকে আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বপনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে ভোর ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বপনের স্ত্রী—সন্তান নেই। তিনি ও তার ভাই রাজা মোহাম্মদ সেলিম আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারের ৪ নম্বর ভবনের একটি বাসায় ভাড়া থাকতেন।
স্বপন কসমেটিকসের ব্যবসা করতেন।
রাজা মোহাম্মদ সেলিম জানান, যে ব্যক্তির নামে কোয়ার্টারের বাসাটি বরাদ্দ, তার ছেলে রিজভী বকেয়া এক হাজার টাকা ভাড়া নিতে আসার কথা ছিল।
এ জন্য তাকে ফোনকল করা হলেও প্রথমে তিনি ফোন ধরেননি। পরে কলব্যাক করে টাকা প্রস্তুত রাখতে বলেন। তখন সেলিম দু—একদিন পর টাকা দেওয়ার কথা জানালে রিজভী ক্ষিপ্ত হয়ে গালাগালি করেন।
সেলিম আরও জানান, ভোর ৪টার দিকে রিজভী তার চাচাতো ভাই রোহানকে নিয়ে বাসায় আসেন। এ সময় ভাড়া নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তারা সেলিম ও স্বপনকে মারধর করেন। স্বপনের বুকে একাধিক কিল—ঘুষি মারার পাশাপাশি ধাক্কা দিয়ে ফেলে দিলে তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে অভিযুক্তরাই তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা—নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
লালবাগ থানার উপ—পরিদর্শক (এসআই) কিরণ মিয়া জানান, বাসা ভাড়ার টাকা নিয়ে বিরোধের সময় ধাক্কাধাক্কিতে স্বপন মাটিতে উপুড় হয়ে পড়ে মাথায় আঘাত পান এবং রক্তক্ষরণ হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত রিজভী ও রোহানকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।