, , ,
শিরোনাম
গলাচিপায় চলন্ত অটোরিকশার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে শিশুর মৃত্যু ভোলায় ১০০রাকাত নামাজ পড়িয়ে চোরের মুক্তি ‘অ্যারেস্ট চুপ্পু’, আসিফ মাহমুদের দুই শব্দের পোস্ট ভাইরাল গভীর রাতে স্বেচ্ছাসেবক দল নেতার খাসজমি দখল, দুই নির্মাণশ্রমিকের জেল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ উজিরপুরে দুই বাস ও রিকসার ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ১০ ফ্যামিলি কার্ড কার্যক্রমে স্বচ্ছতা ও সঠিক তথ্য সংগ্রহ নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদক বহনে রাজি না হওয়ায় যুবককে কুপিয়ে জখম, মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ ওএসডি থেকে বরিশালের নতুন সিভিল সার্জন ডা. মনিরুজ্জামান, পদায়ন নিয়ে সমালোচনা কাউখালীতে যৌথ অভিযানে ১০ হাজার রেনু পোনা উদ্ধার, ২ হাজার মিটার অবৈধ বেড়জাল পুড়িয়ে ধ্বংস
এমপি নজরুলের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে জামায়াত?

এমপি নজরুলের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে জামায়াত?

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

নারী কেলেঙ্কারির ঘটনায় সাতক্ষীরা—৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে জামায়াতে ইসলামী। ইতোমধ্যে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন ও জাতীয় সংসদের স্পিকারের নিকট চিঠি দিয়েছে দলটি। তবে মেয়েপক্ষ বা কোনো ভুক্তভোগী সরাসরি অভিযোগ না করলেও জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মামলা বা আর কোনো পদক্ষেপ নেওয়া যায় কি না তা নিয়ে চলছে আলোচনা।

সূত্র জানিয়েছে, তার বিরুদ্ধে আর কী কী ধরনের পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়ে ইতোমধ্যে আলোচনা চলছে। সংগঠনের প্রভাব ব্যবহার করে আরও কোনো গর্হিত কাজ করেছেন কি না সে বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে।

 

এ বিষয়ে জানতে চাইলে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ঢাকা মেইলকে বলেন, আমরা ইতোমধ্যে বেশ কিছু আইনগত পদক্ষেপ নিয়েছি। সংগঠনের পক্ষ থেকে মামলা বা আরও কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না তা সময় হলেই জানতে পারবেন।

জামায়াতের রাজনীতিতে এটাই প্রথম বড় ধরনের কেনো নারী কেলেঙ্কারির ঘটনা প্রকাশ্যে এসেছে। দলটির অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা গেছে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও শেরপুর—১ আসনের এমপি হাফেজ রাশেদুল ইসলাম বলেন, অপরাধ ও অন্যায়ের প্রশ্নে জামায়াত কখনো কাউকে ছাড় দেয় না, প্রয়োজনে অভিযুক্ত ব্যক্তি যদি আমিরও হন।

এর আগে বৃহস্পতিবার গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দল থেকে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে ওই চিঠিতে। একই চিঠি জাতীয় সংসদের স্পিকারের কাছেও পাঠানো হয়েছে।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, সাতক্ষীরা—৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে পরিচালিত সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

জামায়াতের একজন সংসদ সদস্য বলেন, সংসদীয় দলের কোনো সদস্যই গাজী নজরুলের পক্ষে অবস্থান নেননি। বরং সবাই চেয়েছেন তাকে বহিষ্কার করা হোক। তা না হলে জাতীয় সংসদের অধিবেশনে দলকে বারবার অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হতো।

তিনি আরও বলেন, গাজী নজরুল যদি পদত্যাগ না করে আইনি লড়াই চালিয়ে যান, তাহলে হয়তো তিনি কিছু মাস বা এমনকি প্রায় এক বছর পর্যন্ত এমপি পদে বহাল থাকতে পারেন। তবে সে ক্ষেত্রে তিনি জামায়াতের অন্য সংসদ সদস্যদের সঙ্গে সংসদে বসতে পারবেন না।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, গত ২২ জুলাই আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। এ অবস্থায় গাজী নজরুল ইসলামের দল থেকে বহিষ্কারের বিষয়টি নির্বাচন কমিশনের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দাখিল করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
তারও আগে গত বুধবার (২২ জুলাই) গাজী নজরুল ইসলামকে দলের সব পদ থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী। সাংগঠনিক তদন্তে তার বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সাতক্ষীরা—৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত বিষয়ে সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় তাকে গঠনতন্ত্রের ৬২ নং ধারা অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। একই সাথে তাকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করার সিদ্ধান্ত হয়।

নির্বাহী পরিষদের একাধিক সদস্য জানিয়েছেন, গাজী নজরুলকে স্বেচ্ছায় এমপি পদ থেকে পদত্যাগ করার আহ্বান জানানো হয়েছে। তবে এ বিষয়ে তিনি এখন পর্যন্ত দলকে কোনো সিদ্ধান্ত জানাননি। একই সঙ্গে পদত্যাগ করবেন না— এমন অবস্থানও তিনি স্পষ্ট করেননি।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, গাজী নজরুল এখন আর জামায়াতের কেউ নন। ফলে তিনি জামায়াতের এমপি নন। তাই এই বিষয়ে যেসব আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে সবই নেওয়া হবে।

অন্যদিকে হত্যাচেষ্টার অভিযোগ এনে গাজী নজরুলের বিরুদ্ধে মামলা করেছেন গাড়িচালক ওবায়দুর রহমান। ইতোমধ্যে ওই মামলায় আমিনুর রহমান নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও মামলায় অজ্ঞাতনামাদের কথা উল্লেখ করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost