, , ,
শিরোনাম
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যৌতুকের দাবিতে মামলা বিসিসির উপসহকারী প্রকৌশলী কারাগারে হাতের ভেতরে কাঁচের টুকরা রেখেই সেলাই, চিকিৎসক বললেন ‘স্যরি’ অনলাইন ইলিশ বিক্রির নামে প্রতারণা, ল্যাপটপ-কম্পিউটারসহ গ্রেফতার ২ ক্ষুব্ধ ভোটারের কড়া জবাব: যুক্তরাষ্ট্রে ট্রাম্প যুগের অবসানের সূচনা ৮ পিস্তলের ভিডিও ছড়িয়ে যুবকের হুমকি আইনশৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী, চলছে জিজ্ঞাসাবাদ মুলাদীতে ভবনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু মেহেন্দিগঞ্জে চার দিন পর নিখোঁজ তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার নলছিটিতে দুমাউসের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে গাভী বিতরণ
ভোলায় বাড়ি বাড়ি গিয়ে ট্যাক্স আদায়, প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ২

ভোলায় বাড়ি বাড়ি গিয়ে ট্যাক্স আদায়, প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ২

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

ভোলার বোরহানউদ্দিনে বাড়ি বাড়ি গিয়ে বসতভিটার ট্যাক্স আদায়ের নামে প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার দুজনসহ অজ্ঞাতনামা আরও ৬ থেকে ৭ জনকে আসামি করে প্রতারণার মামলা করা হয়েছে।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোরঞ্জন বর্মন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাব আলী আজকের পত্রিকাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার সকালে উপজেলার হাসাননগর ইউনিয়নের বিভিন্ন বাড়িতে ছাপানো রসিদ নিয়ে ট্যাক্স আদায় করতে যান এক যুবক। স্থানীয় লোকজন তাঁর পরিচয় জানতে চাইলে তিনি নিজের নাম মো. রিয়াজ বলে জানান। এ সময় তিনি নিজেকে পিএসবি প্রজেক্টের নিয়োগ করা খণ্ডকালীন ট্যাক্স কালেক্টর হিসেবেও পরিচয় দেন।

তবে কীসের ভিত্তিতে এবং কার অনুমতিতে তিনি ট্যাক্স আদায় করছেন, সে বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি তিনি। পরে স্থানীয় বাসিন্দারা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সচিবের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা এ বিষয়ে কিছু জানেন না বলে জানান। ওই যুবকের কথাবার্তায় অসংগতি দেখে স্থানীয় লোকজন তাঁকে আটকে রাখেন।

তাঁকে আটকে রাখার খবর পেয়ে চক্রের আরেক সদস্য ঘটনাস্থলে এলে স্থানীয় বাসিন্দারা দুজনকেই অবরুদ্ধ করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বগুড়ার সারিয়াকান্দি থানার বাসিন্দা মো. ইমান আলীর ছেলে মো. মজিদুল ইসলাম (৩৮) এবং নীলফামারীর কিশোরগঞ্জ থানার বাসিন্দা ছফদ্দি মাহমুদের ছেলে মাহবুব ইসলাম সাগর (২৪)।

পরে সোমবার রাতে স্থানীয় এক ব্যক্তি বাদী হয়ে গ্রেপ্তার দুজনসহ অজ্ঞাতনামা আরও ৬ থেকে ৭ জনের বিরুদ্ধে প্রতারণার মামলা করেন।

টিনের ঘরে ৩০০, পাকা বাড়িতে ৫০০ টাকা আদায়ের অভিযোগ

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চক্রটির সদস্যরা নিজেদের ট্যাক্স কালেক্টর পরিচয় দিয়ে উপজেলার সাচড়া, কাচিয়া, পক্ষিয়া ও হাসাননগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে বসতভিটার ট্যাক্স আদায় করছিলেন। এ সময় টিনের ঘর থেকে ৩০০ টাকা এবং পাকা বাড়ি থেকে ৫০০ টাকা করে আদায় করা হচ্ছিল বলে অভিযোগ করেছেন তাঁরা।

স্থানীয়দের আরও অভিযোগ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা প্রশাসক এবং ইউপি সচিবদের সঙ্গে যোগসাজশে পরিষদের চৌকিদারদের সহযোগিতা নিয়ে তাঁরা এ কার্যক্রম চালাতেন। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোরঞ্জন বর্মন বলেন, এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় মামলা হয়েছে। বিষয়টি তদন্তাধীন।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাব আলী বলেন, এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের দুজনসহ অজ্ঞাতনামা আরও ৬ থেকে ৭ জনের বিরুদ্ধে প্রতারণার মামলা হয়েছে। মঙ্গলবার সকালে গ্রেপ্তার ব্যক্তিদের ভোলার আদালতে পাঠানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost