
পটুয়াখালীর কলাপাড়ায় নৌপুলিশের এক কর্মকর্তার অপসারণ এবং অবৈধ কাঠের ট্রলিং বোট দিয়ে মাছ শিকার বন্ধের দাবিতে বিক্ষোভ করেছেন উপকূলীয় জেলে ও স্থানীয়রা। জব্দ করা ট্রলিং বোট আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুনরায় মাছ শিকারে পাঠানোর অভিযোগ তুলে তারা এ বিক্ষোভ করেন।
বুধবার (১১ নভেম্বর) বিকেল ৫টায় ‘সেভ দ্য বে অব বেঙ্গল’ ও উপকূলীয় জেলে সমিতির আয়োজনে বিক্ষোভ মিছিলটি উপজেলার কুয়াকাটার মাছবাজার থেকে শুরু হয়। পরে শহরের বিভিন্ন সড়ক ঘুরে পৌরসভার সামনে গিয়ে শেষ হয়। এতে সংগঠন দুটির নেতাকর্মী, মহিপুর থানা মৎস্যজীবী দলের নেতাসহ মহিপুর, আলীপুর ও কুয়াকাটা উপকূলের শতাধিক জেলে অংশ নেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, গত ৫ নভেম্বর কোস্টগার্ডের নিজামপুর স্টেশন অভিযান চালিয়ে আবুল হোসেন কাজীর মালিকানাধীন ‘এফবি এলমা—৪’ নামের একটি আর্টিসানাল ট্রলিং বোট এবং চট্টগ্রামের সুরেন্দ্র কুমার দারের মালিকানাধীন ‘এফবি মেঘনা—০৫’ নামের আরেকটি বোট জব্দ করে। পরে বোট দুটি কুয়াকাটা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিরুজ্জামানের জিম্মায় রাখা হয়। কিন্তু আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জব্দ ট্রলিং বোট মাছ শিকারে পাঠানো হয়েছে বলে অভিযোগ করেন তারা।
বিক্ষোভকারীদের দাবি, এ ধরনের কর্মকাণ্ড সামুদ্রিক মৎস্য সম্পদ ও উপকূলীয় সাধারণ জেলেদের জীবিকার জন্য হুমকিস্বরূপ। এ ঘটনায় নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিরুজ্জামানের অপসারণ এবং অবৈধ কাঠের ট্রলিং বোটের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ‘সেভ দ্য বে অব বেঙ্গলের’ উপকূলীয় সেক্রেটারি জেনারেল কাওছার মনির। এ সময় উপস্থিত ছিলেন মহিপুর থানা মৎস্যজীবী দলের সভাপতি আফজাল মোল্লা, সংগঠনের সদস্য রুমি শরীফ, উপকূলীয় জেলে সমিতির সদস্য বেল্লাল গাজীসহ বিভিন্ন এলাকার জেলেরা।
কাওছার মনির বলেন, সমুদ্রের জীববৈচিত্র্য রক্ষা এবং জেলেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে অবৈধ ট্রলিং বন্ধ করা জরুরি। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে যদি জব্দ ট্রলিং বোট মাছ শিকারে যায়, তাহলে তা অত্যন্ত উদ্বেগজনক। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা মনিরুজ্জামানের অপসারণ দাবি করছি।
মহিপুর থানা মৎস্যজীবী দলের সভাপতি আফজাল মোল্লা বলেন, অবৈধ ট্রলিং বোটের কারণে সাধারণ জেলেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যারা নিয়ম মেনে মাছ শিকার করছেন, তারা নানা সংকটে পড়ছেন। তাই অবৈধ ট্রলিং বন্ধের পাশাপাশি অনিয়ম ও ঘুসের অভিযোগে অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
তবে অভিযোগ অস্বীকার করেন কুয়াকাটা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিরুজ্জামান বলেন, অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমার কাছে থাকা জব্দ করা ট্রলিং বোট দুটি আলীপুরের আড়তদার মোস্তফা খলিফার জিম্মায় রাখা হয়েছে। এরপর কী হয়েছে, তা জানি না।
এ বিষয়ে নৌপুলিশ বরিশাল অঞ্চলের পুলিশ সুপার এস এম নাজমুল হক বলেন, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।