
বরিশাল নগরীর কাউনিয়া থানাধীন চর আবদানী এলাকায় জমি বিক্রিকে কেন্দ্র করে তিন লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সাজ্জাদের বিরুদ্ধে। দাবিকৃত টাকা না দিলে হত্যার হুমকি দেওয়া হয়েছে—এমন অভিযোগ এনে কাউনিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মো. সোহেল রানা (৪০) নামে এক ব্যক্তি। তবে অভিযোগটি মিথ্যা দাবি করে চাঁদা চাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত সাজ্জাদ।
থানায় দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, অভিযোগকারী সোহেল রানা চর আবদানী এলাকার বাসিন্দা। তিনি চরবাড়িয়া ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক এবং সদর উপজেলা শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক। নিজের মালিকানাধীন একটি জমি বিক্রির উদ্যোগ নিলে প্রতিবেশী সাজ্জাদ তার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগে উল্লেখ করেছেন তিনি।
অভিযোগে আরও বলা হয়, এ ঘটনাকে কেন্দ্র করে গত ৯ নভেম্বর রাত আনুমানিক ৭টার দিকে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন সোহেল রানা। এ সময় দাবিকৃত টাকা না দিলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় নিজের নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন সোহেল রানা।
তবে এসব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মো. সাজ্জাদ বলেন, চাঁদা দাবির কোনো প্রমাণ নেই। তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
এ বিষয়ে বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম জনি বলেন, থানায় লিখিত অভিযোগের ঘটনায় অপরাধ প্রমাণিত হলে দলীয়ভাবে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
অন্যদিকে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।