
মৌলভীবাজারের জুড়ীতে দায়িত্ব শেষে বাড়ি ফেরার পথে এক নারী কনস্টেবলের মুখ চেপে ধরে নির্জন সড়কের পাশের ফাঁকা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছে দুই যুবক।
মঙ্গলবার রাত ৮টার দিকে জুড়ী উপজেলা সদরের হরিরামপুর এলাকায় পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে এ ঘটনা ঘটে বলে জুড়ী থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান।
ওই নারী কনস্টেবল (৩০) জুড়ী থানায় কর্মরত। তার স্বামীও একই থানার কনস্টেবল। তারা পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের কাছে একটি বাসায় ভাড়া থাকেন।
পুলিশ জানায়, থানায় দায়িত্ব পালন শেষে রাতে ওই নারী কনস্টেবল হেঁটে বাসায় ফিরছিলেন। এ সময় তিনি ইউনিফর্মে ছিলেন না। পথে ইউনিয়ন পরিষদের কাছে নির্জন এলাকায় পৌঁছালে পেছন থেকে এক যুবক তার মুখ চেপে ধরে সড়কের পাশের ফাঁকা জায়গায় টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।
এ সময় আরেক যুবক মোটরসাইকেলে বসে ছিলেন।
ওই নারী কনস্টেবল চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। তখন দুই যুবক মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে দ্রুত চলে যান।
ওই নারী কনস্টেবলের স্বামী বলেন, তার স্ত্রী প্রায়ই থানার দায়িত্ব শেষে হেঁটে বাসায় ফেরেন। মঙ্গলবার রাতে বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে। তবে দুর্বৃত্তরা তার স্ত্রীর কাছ থেকে কোনো কিছু নেয়নি।
ঘটনার সময় চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে আসা স্থানীয় বাসিন্দা এমদাদুল হক বলেন, চিৎকার শুনে তিনি ও তার স্ত্রী ঘটনাস্থলে যান। প্রতিবেশী হওয়ায় ওই নারী পুলিশ সদস্যকে তারা চিনতে পারেন।
খবর পেয়ে থানা—পুলিশের কর্মকর্তারাও ঘটনাস্থলে আসেন।
জুড়ী থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ভিডিও সংগ্রহ করা হয়েছে। কিন্তু ওই সময় অন্ধকার ছিল। তবে ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে।
তিনি বলেন, “একটি ফুটেজে মোটরসাইকেলে থাকা দুই যুবককে দেখা গেছে। নারী কনস্টেবল হেঁটে যাওয়ার সময় তাঁদের একজন পেছনে পেছনে যান। এর কিছুক্ষণ পর আশপাশের লোকজনকে ঘটনাস্থলের দিকে দৌড়ে যেতে দেখা যায়।
প্রাথমিকভাবে ঘটনাটি ছিনতাইয়ের চেষ্টা বলে ধারণা করা হচ্ছে জানিয়ে ওসি বলেন, “ছিনতাইকারী যখন ধরে তখন নারী কনস্টেবল তাকে ধাক্কা দেন। এতে ছিনতাইকারীও পড়ে যায়, তিনিও পড়ে যান। এ সময় কনস্টেবলের চিৎকারে এলাকাবাসী ছুটে আসেন এবং ছিনতাইকারীদল পালিয়ে যায়।”
তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত দুই যুবককে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।