
বরিশালের হিজলায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, হিজলা থানার এএসআই বাদলের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কাজি বাড়ির রাস্তা এলাকায় অভিযান চালায়। এ সময় নুরে আলম বাবু ও রাকিব নামে দুই ব্যক্তিকে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তার রাকিব দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
এদিকে পৃথক আরেক অভিযানে গুয়াবাড়িয়া ইউনিয়নের কাউরিয়া বাজার এলাকা থেকে লাদেন নামে আরও এক ব্যক্তিকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, লাদেনের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন আদর্শনগর ইউনিয়নে।
হিজলা থানা পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে হিজলা থানা পুলিশ।