
ভোলায় বিপুল পরিমাণ চোরাই সোনা ও নগদ টাকাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে শহরের সদর রোডে নূর জুয়েলার্স নামে একটি দোকানে সোনা বিক্রি করতে আসলে তাকে গ্রেফতার করা হয়।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে ভোলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন ভোলা পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার।
আটক মো. আলী (৩৯) মুন্সিগঞ্জ জেলার টুঙ্গীবাড়ি এলাকার মো. বশির উদ্দিনের ছেলে।
এসময় পুলিশ সুপার বলেন, ভোলা শহরের সদর রোডে নূর জুয়েলার্স নামের একটি দোকানে শুক্রবার বিকেলে আটক আলী সোনার গহনা বিক্রি করতে আসেন। এসময় তাকে সন্দেহ হলে ভোলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশকে খবর দেওয়া হয়। পরে ঘটনাস্থলে পৌঁছে ডিবি সদস্যরা আলীর সঙ্গে থাকা কালো রঙের হাত ব্যাগ তল্লাশি করে। এসময় ডাবল সোনার চেন একটি, বেবি চেন দুটি, কানের রিং একটি, আংটি তিনটি, বেচরেট একটি, কানের টপ একজোড়া, কানের পাশা একজোড়া, চুরি একজোড়া, হাতের চুড়ি একটি ও নগদ পাঁচ লাখ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গহনাগুলোতে নয় ভরি ১৫ আনা সোনা ছিলো। যার বাজার মূল্য প্রায় ২১ লাখ টাকা।
শহীদুল্লাহ কাওছার বলেন, আটক আসামিকে জিজ্ঞাসাবাদ ও তার ব্যবহৃত মোবাইল ফোন তথ্য উপাত্ত থেকে জানা যায় সে ঢাকার মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকার সাম্মা তাছলিমার বাসায় থেকে ওই সোনা ও নগদ টাকা চুরি করে ভোলায় বিক্রি করতে আসেন। গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হবে।