
বরগুনার আমতলীতে নিজ বসতঘর থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বেলা আড়াইটার দিকে উপজেলার ৫নং চাওড়া ইউনিয়নের চাওড়া লোদা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম মো. তুহিন মুন্সি (২৩)। তিনি ওই গ্রামের অলিউল্লাহ মুন্সির ছেলে। তার মা মৃত মিনারা বেগম।
জানা গেছে, ওই বসতঘরে তিনি একাই বসবাস করতেন। ঘটনার সময় ঘরটি ভেতর থেকে আটকানো ছিল। পরে পরিবারের সদস্যরা ঘরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে আমতলী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তসহ অন্যান্য আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।এ ঘটনায় চাওড়া লোদা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।