, , ,
শিরোনাম
টুঙ্গিপাড়ায় থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ রাজাপুরে ধর্ষণ মামলার পলাতক আসামী আলী হোসেন মোল্লা গ্রেপ্তার কিশোর মোতালেব হত্যা মামলা: সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে বিদায় মেহেন্দিগঞ্জ, নতুন ঠিকানা উজিরপুর — দক্ষতার ছাপ রেখে যাচ্ছেন ইউএনও রিয়াজুর রহমান ৩৫ বছর পর সরকারি পুকুর দখলমুক্ত বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, আঘাত হানতে পারে শুক্রবার নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হয়ে প্রাণ দিল এসএসসি পরীক্ষার্থী ঝালকাঠিতে পরিবারকে জিম্মি করে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার বরিশালে স্বাস্থ্য ঝুঁকিতে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ শতাধিক শিশু ভান্ডারিয়ায় শতাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সংকটে
চার বছরে বরিশাল বিভাগে ইলিশ উৎপাদন কমেছে লক্ষাধিক টন, চড়া দামে বিপাকে ক্রেতা

চার বছরে বরিশাল বিভাগে ইলিশ উৎপাদন কমেছে লক্ষাধিক টন, চড়া দামে বিপাকে ক্রেতা

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

মাত্র চার অর্থবছরের ব্যবধানে বরিশাল বিভাগে ইলিশের উৎপাদন কমেছে এক লাখ পাঁচ হাজার মেট্রিক টনেরও বেশি। উৎপাদনের এই ধারাবাহিক নিম্নমুখী প্রবণতার প্রভাব পড়েছে চলতি মৌসুমেও। প্রজনন মৌসুমের ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে নদীতে জাল ফেললেও কাঙ্ক্ষিত ইলিশের দেখা পাচ্ছেন না জেলেরা। ফলে বরিশালের পোর্ট রোডসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন মৎস্য মোকামে দেখা দিয়েছে তীব্র ইলিশ সংকট। সরবরাহ কম থাকায় বেড়েছে দাম, যা সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে।

নিষেধাজ্ঞা শেষে সাধারণত বরিশালের মৎস্য মোকামগুলোতে ইলিশ নিয়ে জেলে ও ব্যবসায়ীদের ব্যস্ততা দেখা যায়। নদী থেকে মাছবোঝাই ট্রলার একের পর এক ঘাটে ভেড়ে। আড়তে চলে হাঁকডাক, দরদাম ও বেচাকেনার প্রতিযোগিতা। তবে এবার সেই চেনা দৃশ্য অনেকটাই অনুপস্থিত। মোকামে পর্যাপ্ত ইলিশ না আসায় আড়তদারদের অপেক্ষা বাড়ছে, আর কাঙ্ক্ষিত মাছ না পেয়ে হতাশ জেলেরা।

আড়তদারদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর জেলেরা নদীতে মাছ ধরতে গেলেও প্রত্যাশা অনুযায়ী ইলিশ পাচ্ছেন না। একাধিকবার জাল ফেলেও অনেক নৌকায় সামান্য পরিমাণ মাছ উঠছে। এতে জ্বালানি, শ্রমিকের মজুরি, খাবারসহ মাছ ধরার খরচ তুলতেই হিমশিম খেতে হচ্ছে জেলেদের। কোনো কোনো ক্ষেত্রে মাছ বিক্রির আয় দিয়ে নৌকা চালানোর খরচ মেটানোও কঠিন হয়ে পড়েছে।

হিজলার জেলে জাহাঙ্গীর আলম বলেন, ‘দীর্ঘদিন ধরেই নদীতে ইলিশের সংকট ছিল। নিষেধাজ্ঞা শেষে ধারণা ছিল আশানুরূপ ইলিশ পাওয়া যাবে। কিন্তু বাস্তবে তেমন একটা ইলিশ ধরা পড়ছে না। যা ধরা পড়ছে, সেগুলোর পেটে এখনো ডিম রয়েছে। এ কারণে অক্টোবরের শেষ দিকে আমরা নিষেধাজ্ঞা দেওয়ার দাবি জানিয়েছিলাম।’

পোর্ট রোডে সরবরাহ কমেছে কয়েকগুণ

ইলিশের সরবরাহ কম থাকায় এর সরাসরি প্রভাব পড়েছে বরিশালের পোর্ট রোড মৎস্য অবতরণকেন্দ্রের আড়তগুলোতে। মৌসুমে যেখানে প্রতিদিন বিপুল পরিমাণ ইলিশ বেচাকেনা হওয়ার কথা, সেখানে এখন অনেক আড়তদারকে ক্রেতার অপেক্ষায় বসে থাকতে হচ্ছে।

বরিশাল পোর্ট রোড মৎস্য আড়তদার সমিতির সভাপতি মো. জহির শিকদার বলেন, ‘নিষেধাজ্ঞার আগের দিনগুলোতে পোর্ট রোডের মোকামে ইলিশের বিক্রি ছিল ১৫০ থেকে ৩০০ মণ। সেখানে গত কয়েকদিন ধরে ৫০ থেকে ৬০ মণ ইলিশ আসছে। চাহিদা অনুযায়ী ইলিশ ধরা না পড়ায় দাম কিছুটা বেশি।’

তিনি আরও বলেন, ‘গত বছরের তুলনায় এ বছর অর্ধেকও উৎপাদন নেই। ইলিশের সরবরাহ কম থাকায় আড়তে স্বাভাবিক বেচাকেনা হচ্ছে না। মাছের পরিমাণ কমে যাওয়ায় ব্যবসায়ীদের প্রত্যাশিত লেনদেনও হচ্ছে না।’

চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ

মোকামে সরবরাহ কমে যাওয়ায় ইলিশের দামও বেড়েছে। বাজার ঘুরে দেখা গেছে, দেড় কেজির বেশি ওজনের ইলিশ প্রতি মণ এক লাখ ৩০ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে, যা কেজিপ্রতি তিন হাজার ২৫০ টাকা।

এক কেজি ২০০ গ্রাম থেকে দেড় কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি মণ এক লাখ ১০ হাজার টাকা বা কেজিপ্রতি দুই হাজার ৭৫০ টাকা দরে। এক থেকে এক কেজি ২০০ গ্রাম ওজনের ইলিশের দাম প্রতি মণ ৯৬ হাজার টাকা বা কেজিপ্রতি দুই হাজার ৪০০ টাকা।

এ ছাড়া ৭০০ থেকে ৯০০ গ্রামের ইলিশ প্রতি মণ ৮০ হাজার টাকা বা কেজিপ্রতি দুই হাজার টাকা, ৫০০ থেকে ৭০০ গ্রামের ইলিশ ৭০ হাজার টাকা বা কেজিপ্রতি এক হাজার ৭৫০ টাকা এবং ৪০০ থেকে ৫০০ গ্রামের ইলিশ ৫০ হাজার টাকা বা কেজিপ্রতি এক হাজার ২৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

ছোট আকারের মধ্যে ৩০০ থেকে ৪০০ গ্রামের ইলিশ প্রতি মণ ২৫ থেকে ৩০ হাজার টাকা বা কেজিপ্রতি ৬২৫ থেকে ৭৫০ টাকা এবং প্রায় ২৫০ গ্রাম ওজনের ইলিশ প্রতি মণ ২০ থেকে ২২ হাজার টাকা বা কেজিপ্রতি ৫০০ থেকে ৫৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

উৎপাদন কমেছে এক লাখ টনের বেশি

বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ২০২২—২৩ অর্থবছরে বরিশাল বিভাগে ইলিশ উৎপাদন হয়েছিল তিন লাখ ৭২ হাজার ৩৪৩ মেট্রিক টন। ২০২৩—২৪ অর্থবছরে তা কমে দাঁড়ায় তিন লাখ ৪৮ হাজার ৮৩৪ মেট্রিক টনে।

এর পরের অর্থবছর ২০২৪—২৫ সালে উৎপাদন আরও কমে হয় তিন লাখ ৩৪ হাজার ৭৮৩ মেট্রিক টন। সবশেষ ২০২৫—২৬ অর্থবছরে তা নেমে এসেছে দুই লাখ ৬৬ হাজার ৫৯৭ দশমিক ১৫০ মেট্রিক টনে।

অর্থাৎ ২০২২—২৩ থেকে ২০২৫—২৬—মাত্র চার অর্থবছরের ব্যবধানে বরিশাল বিভাগে ইলিশ উৎপাদন কমেছে এক লাখ পাঁচ হাজার ৭৪৫ দশমিক ৮৫০ মেট্রিক টন। বিশেষ করে সর্বশেষ অর্থবছরে আগের বছরের তুলনায় উৎপাদন কমেছে প্রায় ৬৮ হাজার ১৮৬ মেট্রিক টন।

উৎপাদনের এই ধারাবাহিক নিম্নমুখী প্রবণতা ইলিশের ভবিষ্যৎ উৎপাদন এবং এ খাতের সঙ্গে যুক্ত জেলে, ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষের জীবিকা নিয়ে উদ্বেগ তৈরি করেছে।

উৎপাদন কমার পেছনে একাধিক কারণ

বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিচালক মো. কামরুল হাসান বলেন, ‘গত কয়েক বছর ধরেই বরিশাল বিভাগে আশঙ্কাজনক হারে ইলিশের উৎপাদন কমছে। ইলিশের উৎপাদন কমে যাওয়ার পেছনে একাধিক কারণ কাজ করছে।’

তিনি বলেন, আবহাওয়ার অস্বাভাবিক পরিবর্তন, নদী ও জলজ পরিবেশের অবক্ষয়, পানির স্বাভাবিক প্রবাহে পরিবর্তন এবং নদীগুলোর নাব্য সংকট এর অন্যতম কারণ হতে পারে। নদীর গভীরতা ও পরিবেশগত ভারসাম্য নষ্ট হলে ইলিশের বিচরণ, খাদ্য গ্রহণ এবং প্রজননের স্বাভাবিক প্রক্রিয়াও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি আরও বলেন, শুধু নির্দিষ্ট সময়ের নিষেধাজ্ঞা কার্যকর করলেই ইলিশের উৎপাদন প্রত্যাশিত পর্যায়ে ফিরিয়ে আনা সম্ভব নয়। প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ রাখার পাশাপাশি নদীর পরিবেশ রক্ষা, নাব্য বজায় রাখা এবং ইলিশের নিরাপদ বিচরণক্ষেত্র সংরক্ষণেও গুরুত্ব দিতে হবে।

মৎস্য বিভাগের তথ্য ও মাঠপর্যায়ের পরিস্থিতি বলছে, ইলিশের উৎপাদন কমার বিষয়টি এখন আর শুধু জেলেদের সমস্যা নয়। এর প্রভাব পড়ছে আড়তদার, পাইকার, পরিবহন শ্রমিক থেকে শুরু করে সাধারণ ভোক্তার ওপরও। নদীতে ইলিশের সরবরাহ না বাড়লে বাজারে সংকট ও উচ্চমূল্যের এই পরিস্থিতি কতদিন চলবে, সেটিই এখন বড় প্রশ্ন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost