
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজুর রহমানকে বরিশালের উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর ২০২৬) বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাদের বদলি ও পদায়নের অংশ হিসেবে মো. রিয়াজুর রহমানকে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব থেকে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
রিয়াজুর রহমান ৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা। তিনি ২০২৫ সালের ২৫ মার্চ মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। প্রায় ১ বছর ৮ মাস তিনি এ দায়িত্ব পালন করেছেন। এ সময় পদাধিকার বলে তিনি মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদ ও মেহেন্দিগঞ্জ পৌরসভার প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেন।
তবে ঠিক কবে তিনি মেহেন্দিগঞ্জের দায়িত্ব ছেড়ে উজিরপুরে যোগদান করবেন, সে বিষয়ে প্রজ্ঞাপনে সুনির্দিষ্ট তারিখ বা সময় উল্লেখ করা হয়নি।
দায়িত্ব পালনকালে তিনি দক্ষ, পরিশ্রমী, মেধাবী ও কর্মঠ কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের সভাপতি, সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রশাসক হিসেবে তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার কাছে কাজের জন্য গিয়ে কেউ ফিরে আসেননি বলে স্থানীয়রা জানান। সকল দপ্তর তিনি ধৈর্যের সঙ্গে সামাল দিয়েছিলেন।
তার বদলির খবরে মেহেন্দিগঞ্জের বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তার কর্মদক্ষতা ও মানবিক আচরণের প্রশংসা করে নতুন কর্মস্থলে তার সাফল্য কামনা করেছেন।