
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) খিলগাঁও থানার একটি হত্যা মামলার পলাতক আসামি মো. ফজলে রাব্বি (২৫)-কে বরিশালের হিজলা থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮, সদর কোম্পানি, বরিশালের একটি আভিযানিক দল।
শনিবার (২১ নভেম্বর) রাতে হিজলা উপজেলার শ্রীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে হিজলা থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি সূত্রে জানা যায়, পূর্ববিরোধ ও শত্রুতার জেরে গত ২৯ জুলাই ২০২৬ সন্ধ্যায় ঢাকার খিলগাঁও থানা এলাকায় মো. শামসু উদ্দিন খানের ছেলে কামরুজ্জামান দীপু (৩৫)-কে জোরপূর্বক তুলে নিয়ে মারধর ও গুরুতর জখম করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকাকালে ৩১ জুলাই সন্ধ্যায় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তকালে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ, কল ডিটেইলস রেকর্ড (সিডিআর) পর্যালোচনা এবং মামলার অপর এক গ্রেপ্তার আসামির আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দি বিশ্লেষণ করা হয়। এসব তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে ফজলে রাব্বির সম্পৃক্ততার তথ্য পাওয়া যায় বলে জানায় এসআরবি।
এসআরবি আরও জানায়, মামলার তদন্তকারী কর্মকর্তা পলাতক আসামি ফজলে রাব্বিকে গ্রেপ্তারের জন্য এসআরবি-৮-এর অধিনায়কের কাছে অধিযাচনপত্র পাঠান। এর পরিপ্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-৮, সদর কোম্পানি, বরিশালের একটি দল হিজলা উপজেলার শ্রীপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে ফজলে রাব্বিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ফজলে রাব্বি হিজলা উপজেলার শ্রীপুর এলাকার স্বপন দেওয়ানের ছেলে এবং রওশন আরা শিউলীর সন্তান।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হিজলা থানায় হস্তান্তর করা হয়েছে। মামলাটির তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।