, , ,
বাকেরগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

বাকেরগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

বরিশালের বাকেরগঞ্জে ভরপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আশরাফুজ্জামান খান খোকনকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের বাকেরগঞ্জ উপজেলার নেতা।

শুক্রবার (২০ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে বাকেরগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বাকেরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি তিনি।

এসআই দেলোয়ার হোসেন বলেন, ‘গ্রেপ্তারের সময় একাধিক পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন। তাকে কোন কর্মকর্তার মামলায় গ্রেপ্তার দেখানো হবে, তা তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না।’

খোকনের গ্রেপ্তারের বিষয়ে জানতে বাকেরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে তাকে হোয়াটসঅ্যাপেও বার্তা পাঠানো হলেও এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফলে খোকনকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে খোকনের স্বজনদের দাবি, ২০২৪ সালের আগে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ৫ আগস্টের পর একটি মিথ্যা চাঁদাবাজির মামলায় তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরে বাকেরগঞ্জ থানায় দায়ের হওয়া একাধিক রাজনৈতিক মামলায় তাকে আসামি করা হয়। এসব মামলায় কয়েক মাস কারাভোগের পর সব মামলায় জামিনে ছিলেন তিনি। নিয়মিত আদালতে হাজিরাও দিচ্ছিলেন।

স্বজনরা জানান, প্রায় চার মাস আগে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান খোকনের স্ত্রী। মৃত্যুকালে তিনি রেখে যান তিনটি শিশুকন্যা। স্ত্রীর মৃত্যুর পর থেকে সন্তানদের দেখাশোনার জন্য বেশির ভাগ সময় বাড়িতেই থাকতেন খোকন। মায়ের অভাব যেন সন্তানরা কিছুটা হলেও ভুলে থাকতে পারে, সে চেষ্টা করতেন তিনি। শুক্রবার রাতে হঠাৎ পুলিশ বাড়িতে এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এ সময় তার দুই বছর বয়সী ছোট মেয়েটি বাবার সঙ্গে যাওয়ার জন্য কান্নাকাটি করতে থাকে।

আশরাফুজ্জামান খান খোকন উপজেলার ভরপাশা ইউনিয়নের কৃষ্ণকাঠী গ্রামের বাসিন্দা। তিনি বাকেরগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি ও ভরপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। এছাড়া তিনি উপজেলা আওয়ামী যুবলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে তিনি দুইবার ভরপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost